বাঁকখালীর চরে সবজির হাট
কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী বাসস্টেশন থেকে পৌনে এক কিলোমিটার পূর্ব দিকে এলেই বাঁকখালী নদীর চেরাংঘাটা ঘাট। ঘাটে নামতেই চোখে পড়ে দুই পাশের বিস্তীর্ণ জমিতে বেগুন, মূলা, মরিচ, টমেটো, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপিসহ নানা রকম সবুজ শাকসবজির সমারোহ। আর একটু সামনে গিয়ে নদীর দুই তীরেও দেখা মেলে একই দৃশ্য।কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বাঁকখালী নদীর দুই তীরের প্রায় ১৫ কিলোমিটারসহ আশপাশের এলাকায় প্রায় তিন হাজার একর জমিতে এ বছর নানা রকম শাকসবজির আবাদ করা হয়েছে। এর মধ্যে বাঁকখালীর তীরে আছে প্রায় ৪০০ হেক্টর সবজির খেত।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রাজারকূল ইউনিয়নের পূর্ব রাজারকূল, নাশিকূল, খন্দকারপাড়া, সিকদারপাড়া, দক্ষিণ রাজারকূল, ফতেখাঁরকূলের হাইটুপি, দ্বীপ শ্রীকূল, অফিসের চর, লম্বরীপাড়া, পূর্ব মেরংলোয়া, কাউয়ারখোপের মনিরঝিল, পূর্ব মনিরঝিল, সোনাইছড়ি, লট-উখিয়ারঘোনা, ডাকভাঙা, মৈষকুম, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকার চরে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে এ বছর শীতকালীন শাকসবজির চাষ হয়েছে। দ্বীপ শ্রীকূল গ্রামের কৃষক রাজু বড়ুয়া জানান, নদীর তীরে বছর বছর পলি জমাতে এখানকার কম উর্বর জমিতেও ভালো উৎপাদন হয়। তুলনামূলক কম সার প্রয়োগ করে ভালো ফলন পাওয়ায় কৃষকেরা নদীর তীরে সবজি চাষে ঝুঁকছেন। হাইটুপি গ্রামের বিদ্যুৎ বড়ুয়া এ বছর প্রায় আড়াই একর জমি বর্গা নিয়ে মূলা, মিষ্টি কুমড়া, ফরাস শিম ও আখের চাষ করেন। এতে তাঁর এক লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। তবে সবজির দাম কম থাকায় এ বছর লাভ কম হবে বলে তিনি জানান। একই গ্রামের রফিকুল হক জানান, ২০ হাজার টাকা খরচ করে ৪০ শতক জমিতে তিনি খিরার চাষ করেন। তাঁর ধারণা, যা ফলন হয়েছে, তাতে তাঁর ৫০ হাজার টাকা লাভ হবে।সবজিগ্রাম দ্বীপ শ্রীকূলবাঁকখালী নদীর তীরের ফঁতেখারকূলের দ্বীপ শ্রীকূল গ্রামে পরিবারের সংখ্যা প্রায় ৪০টি। সব পরিবারই সবজি চাষে জড়িত। কেউ নিজের জমিতে, কেউ বর্গা নেওয়া জমিতে চাষ করেন। ‘এ গ্রামের সব পরিবারই সবজি চাষ করে স্বাবলম্বী। পাশের ফুলনীরচর, পূর্ব রাজারকূল, মনিরঝিল, সিকদারপাড়া, খন্দকারপাড়াসহ নদীতীরের অন্তত ২০টি গ্রামের মানুষের প্রধান পেশা এখন সবজি চাষ।’ বললেন বর্গাচাষি অমূল্য বড়ুয়া।সবজির হাট বাঁকখালীর চররামু উপজেলার ফকিরা বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীর চরে সপ্তাহের শনি ও মঙ্গলবার সবজির হাট বসে। সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত বেচাকেনা চলে এখানে।হাটের ইজারাদার নূরুল ইসলাম জানান, হাটের দিন চার-পাঁচ লাখ টাকার সবজি বেচাকেনা হয় এখানে। সবজি ছাড়াও বরই, তেঁতুলসহ নানা রকম মৌসুমি ফল পাওয়া যায় এখানে। এমনকি ফুলের ঝাড়ু, শুকনা লাকড়িও মেলে এ হাটে। বর্ষায় পাওয়া যায় আম, কাঁঠাল, লেবু, জাম ইত্যাদি মৌসুমি ফল।হিমাগার না থাকায় হতাশাসবজি ও ফলমূলের ভালো উৎপাদন হলেও এসবের আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষকেরা। এ জন্য অনেকেই হতাশ। হাইটুপির সাধন বড়ুয়া, নূরুল হক, পূর্ব রাজারকূলের মো. নবী, আবদুস সালামসহ অনেকে জানান, তাঁরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান। কিন্তু হাটে এনে অনেক সময় পানির দামে বেচে দিতে হয়। কাঁচা শাকসবজি সংরক্ষণের জন্য কোনো হিমাগার না থাকায় বাধ্য হয়েই কম দামে ফসল বেচতে বাধ্য হন বলে জানান তাঁরা।রামু উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও লিপি বড়ুয়া জানান, এ বছর রামু উপজেলায় প্রায় এক হাজার ৫০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির আবাদ করা হয়েছে। এর মধ্যে বাঁকখালী নদীর চরে আছে প্রায় ৪০০ হেক্টর। সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষকেরা আরও বেশি লাভবান হতেন বলে তাঁরা মন্তব্য করেন।