বাঁকখালীর দুই তীর দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁকখালী নদীর দুই তীরের কয়েক হাজার একর সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছে অসংখ্য বসতবাড়ি, চিংড়িঘের, লবণমাঠ, মুরগির খামার, বরফকল, ট্রলার নির্মাণ ও মেরামতের ডকইয়ার্ডসহ নানা অবকাঠামো। গত বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মাঝিরঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর দক্ষিণ তীরে বিশাল জমিতে স্থানীয় ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা জাহাঙ্গীর কাশেম তৈরি করেন ‘ত্রিধারা’ নামের মাছ ধরার ট্রলার মেরামতের একটি ডকইয়ার্ড। সরকারি জমিতে ডকইয়ার্ড তৈরির কারণ জানতে চাইলে মালিক জাহাঙ্গীর কাশেম প্রথম আলোকে জানান, ২০০১ সালে ৬০ শতক নিজস্ব এই জমিতে প্রায় ৫০ লাখ টাকা খরচ করে এই ডকইয়ার্ডটি স্থাপন করা হয়। একসময় বিএস দাগে এই জমিটি খাস হয়ে যায়। পরে মামলা করে তা সংশোধন করে নিজের নামে খতিয়ানভুক্ত করা হয়। এখন এই জমি সরকারি দাবি করলে চলবে না।দেখা গেছে, এই ইয়ার্ডের পশ্চিম পাশে নদীতীরের দুই একরের বেশি জমি দখল করে চিংড়িঘের তৈরি করেন জাহাঙ্গীর কাশেম। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নদীর তীরে আমার দুই একর ৮০ শতক জমি রয়েছে। তাতে চিংড়িঘের ও ডকইয়ার্ড তৈরি করেছি।’বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকায় মূল্যবান জমি দখল করে বহুতল ভবন তৈরি করছেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল খালেক। তাঁর পশ্চিমপাশে কয়েক শ একরের বিশাল চরভূমি দখলে রাখেন কক্সবাজার পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাসেদুল হক, শিবির ক্যাডার ভুট্টোসহ বিভিন্ন পেশার লোকজন। চেয়ারম্যান আবদুল খালেক, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরী ও আওয়ামী লীগ নেতা মাসেদুল হক বলেন, ‘দখলে থাকা জমি আমাদের নিজস্ব সম্পত্তি। তাই নিজ জমিতে ভবন এবং ভাঙনের কবল থেকে রক্ষার জন্য জমির বাইরে বাঁধ দিয়েছি।’ গত ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারীর নেতৃত্বে ১০ সদস্যের একটি দল স্পিড বোটে চড়ে বাঁকখালী নদীর দখল তৎপরতা সরেজমিনে প্রত্যক্ষ করেন। এই দলে ছিলেন পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমীর আবদুল্লাহ, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এস এম আলমগীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল আলম প্রমুখ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, নদীর দুই তীর দখল করে অসংখ্য বসতবাড়ি, চিংড়ি প্রকল্প, লবণের মাঠ, ডকইয়ার্ড, সমিল, বরফকল, দোকানপাট, টয়লেট, হোটেল, গুদাম, শুঁটকিমহাল, পেট্রল পাম্পসহ নানা অবকাঠামো নজরে পড়েছে। গিগিরই এসব উচ্ছেদ করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজন্ব) মো. জসিম উদ্দিন বলেন, ‘নদীর দুই তীরে প্রায় এক হাজার অবৈধ দখলদারের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ২৪২ দখলদারের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে। তাঁরা দাবি করছেন, জমির বৈধ কাগজপত্র রয়েছে। এসব কাগজপত্র যাচাই-বাছাই ও শুনানির জন্য ২১ মার্চ সময় নির্ধারণ করা হয়েছে। এরপর শুরু হবে উচ্ছেদ অভিযান।’কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, ২০ বছরের বেশি সময় ধরে বাঁকখালী নদীর খননকাজ বন্ধ থাকায় নৌচলাচল ব্যাহত হচ্ছে। এখন দখল ও ভরাটের কারণে নদীটির গতিপথ সরু হয়ে গেছে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘শহরের পাহাড় কাটার মাটি নেমে এসে বাঁকখালী নদীর তলদেশ ভরাট হচ্ছে। অন্যদিকে শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এই নদীতে।’ কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় শহরের প্রায় দুই লাখ মানুষের পানীয় জলসংকট দেখা দিচ্ছে। নদীর দুই তীরে বসতবাড়ির কয়েক শ নলকূপে লবণপানি উঠছে। আবার বর্ষায় পুরো শহরে দেখা দেয় জলাবদ্ধতা। এতে পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।