বাঁকখালীর নাব্যতা ফেরাতে ২০৪ কোটি টাকার প্রকল্প
কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালীর নাব্যতা ফেরাতে প্রায় ২০৪ কোটি টাকার বিশেষ প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জাতীয় অর্থনৈতিক কমিটির (একনেক) অনুমোদন পাওয়া গেলে কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে বলে পাউবো কর্তৃপক্ষ আশা করছে।
পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পাহাড় কাটার মাটি আর শহরের ময়লা আবর্জনা ফেলে ঐতিহ্যবাহী বাঁকখালী নদীকে মেরে ফেলা হচ্ছে। ইতিমধ্যে নদীর গতিপথ সংকুচিত হয়ে পড়েছে। এতে নৌচলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে ভরাট অংশ দখল করে নানা অবকাঠামো তৈরির হিড়িক পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে মূলত বিশেষ এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
পাউবো সূত্র জানায়, ২০১৫ সালের জুন মাসে প্রায় ৩৪ কিলোমিটার লম্বা এ নদীর সাড়ে আট কিলোমিটার খননের প্রকল্প অনুমোদিত হয়েছিল একনেকে। কিন্তু মাত্র আট কিলোমিটার খনন পর্যাপ্ত নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের সভায় নদীর কমপক্ষে ৬০ শতাংশ ড্রেজিংয়ের নতুন প্রকল্প গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২০৩ কোটি ৯৩ লাখ টাকার ব্যয়ে নদীর ২৮ কিলোমিটার খননের প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি এখন পানিসম্পদ মন্ত্রণালয়ে আছে। কিছুদিনের মধ্যে সেটি অনুমোদনের জন্য একনেকে উত্থাপন করা হবে।
পাউবো সূত্রমতে, এ প্রকল্পের আওতায় শহরের নাজিরারটেক থেকে কস্তুরাঘাট হয়ে রামুর কাউয়ারকূপ পর্যন্ত খনন করা হবে। নদীর একপাশে ১৯ কিলোমিটার এবং অন্যপাশে ২০ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ তৈরি করা হবে। নদীর এক দশমিক শূন্য আট কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে বাংলাবাজার, মুক্তারকুল, উলুবনিয়া, মিঠাছড়ি, মিস্ত্রিপাড়া, হাইটুপি, মনিরঝিল ও সিকদারপাড়ায় নদীশাসনব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া পানি নিয়ন্ত্রণের জন্য আটটি স্লুইসগেট তৈরি করা হবে। এগুলো নির্মিত হবে শহরের তারাবনিয়াছড়া, গোদারপাড়া, আলীকদম ব্রিকফিল্ড, কুলিয়ারছড়া, ঘাটকুলিয়ারছড়া, জয়নালছড়া, রামুর ফতেখাঁরকুল ও বড়ুয়াপাড়ায়।
কক্সবাজার-৩ (রামু-কক্সবাজার সদর) আসনের সাংসদ সাইমুম সরওয়ার বলেন, তিন যুগের বেশি সময় ধরে বাঁকখালী নদীর ড্রেজিং হচ্ছে না। এতে ১০টি নৌপথে নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি অন্তত ২০ হাজার একর জমি চাষাবাদের আওতায় আসবে।
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছে অন্তত পাঁচ হাজার মানুষ। নদীতে অসংখ্য ডুবোচর তৈরি হওয়ায় স্পিডবোট ও ট্রলার উল্টে হতাহতের ঘটনাও ঘটছে।
পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, পাউবোর ২০৪ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ লাঘব হবে।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত বলেন, প্রায় ৮০ কিলোমিটার লম্বা এ নদীর বাংলাবাজার থেকে নুনিয়াছটা পর্যন্ত ১৬ কিলোমিটার অংশের প্রায় এক হাজার একর জমি অবৈধ দখলে চলে গেছে। সেখানে তৈরি হয়েছে চিংড়িঘের, লবণ মাঠ, আবাসিক প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা। প্রকল্প বাস্তবায়নের আগে অবৈধ স্থাপনাগুলোর দ্রুত উচ্ছেদ জরুরি।