
পাড়ে দাঁড়ালে মনে হবে, মাঝনদীতে সেতুর একাংশ বিলীন হয়েছে। তবে আদতে তা নয়, সেতুর সংযোগ সড়ক ডুবে যাওয়ায় এমন বিভ্রম। কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীর প্রবল স্রোতে সংযোগ সড়ক ভেসে যাওয়ার পর গর্জনিয়া সেতুটিও হুমকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত ২৬ জুলাইয়ের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীসংলগ্ন গর্জনিয়া ইউনিয়নের বহু এলাকা প্লাবিত হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে সেতুর দক্ষিণাংশের প্রায় ২০০ ফুট পাকা সড়ক। ফলে বন্ধ হয়ে গেছে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া-বাইশারী সড়কে যানবাহন চলাচল। গর্জনিয়া সেতু ও পাশে অবস্থিত সম্রাট শাহ সুজা সড়কও হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০০৫ সালে এলজিইডি প্রায় তিন কোটি টাকা খরচ করে গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের সংযোগস্থল বাঁকখালীর নদীর ওপর ১৬০ দশমিক ১৭৫ মিটার দীর্ঘ গর্জনিয়া সেতুটি নির্মাণ করে। বর্তমানে সেতুটি রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চাইলে এলজিইডি রামু উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত জানান, সেতু রক্ষার জন্য গত বছর নদীর তলদেশ খনন করে স্রোতের গতিপথ পরিবর্তন করা হয়েছিল। পরে পলি পড়ে ওই অংশ আবার ভরাট হয়ে যায়। বন্যায় বিলীন হওয়া সেতুর সংযোগ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ এলে সংস্কারকাজে হাত দেওয়া হবে।
এদিকে সংযোগ সড়ক ডুবে যাওয়ায় ডিঙি নৌকায় পারাপার করছে স্থানীয় বাসিন্দারা। এ সময় ঘটছে দুর্ঘটনাও। ৪ আগস্ট বিকেলে ১৮ জন শিক্ষার্থীসহ একটি নৌকা বাঁকখালীর ডাকভাঙা পয়েন্টে ডুবে যায়। এতে মারা যায় ডাকভাঙা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ওসমান গনি (৭)। এ সময় উদ্ধার করা হয় ১৭ জন শিক্ষার্থীকে।
ওসমানের বাবা মাওলানা আবদুর শুক্কুরের কান্না থামছেই না। প্রশাসন আগ্রাসী বাঁকখালীর বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সেতু রক্ষায় পদক্ষেপ নিলে এমন পরিস্থিতি ঘটত না বলে তিনি জানান প্রথম আলোকে।
বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ এলাকার লোকজন নদী পারাপার করছে। নৌকা ডুবে প্রায় হতাহতের ঘটনা ঘটছে। ডাকভাঙা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, ১ আগস্ট সকালে বাঁকখালীতে নৌকাডুবির ঘটনায় তিন শিশুসহ ১০ জন আহত হয়েছে। দ্রুত সংযোগ সড়ক সংস্কার না করলে এমন দুর্ঘটনা আরও ঘটবে বলে মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে গর্জনিয়ার গণমাধ্যমকর্মী হাফিজুল ইসলাম চৌধুরী জানান, সেতুটি অচল থাকায় বন্যাকবলিত এলাকায় চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। শিক্ষার্থী ও নারী–শিশুদের চরম ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে। নদীর গতিপথ পরিবর্তন করা না হলে কচ্ছপিয়ার কয়েকটি গ্রাম বিলীন হবে। পাশাপাশি সেতুটিও নদীতে ভেসে যাবে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ চন্দ্র সিংহ জানান, সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় পুলিশ গর্জনিয়ায় যেতে পারছে না। ধরতে পারছে না ডাকাত ও তালিকাভুক্ত আসামিদের।