বাঁকখালী নদীর বুকে ৪০ কিলোমিটারজুড়ে এখন শত শত ডুবোচর। মিয়ানমার সীমান্তের কালাপাহাড় থেকে সৃষ্ট ৭৫ কিলোমিটার দীর্ঘ এই নদীটি পাহাড় থেকে নেমে আসা বালু নদীর তলদেশ ভরাট করে এই সব চরের জন্ম দিয়েছে। তলদেশ ভরাট হওয়ার কারণে বঙ্গোপসাগরের জোয়ারের পানি উজানের দিকে যেতে পারছে না। তার জন্য বন্ধ রয়েছে নৌচলাচল। বেকার হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। স্থানীয় লোকজন জানান, শুষ্ক মৌসুমে নদীর পানি শুকিয়ে যাওয়ায় কক্সবাজার সদর, রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার আটটি ইউনিয়নের পাঁচ লাখ মানুষের আয়রোজগার বন্ধ হয়ে গেছে। আগে এই নদীতে মাছ ধরে কিংবা নদীর দুই তীরে শাকসবজি ও ধান চাষ করে জীবিকা নির্বাহ করতেন তাঁরা। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, আসন্ন বর্ষায় (জুন মাসে) পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি নদীর ভরাট চরে আটকা পড়বে। পানি উপচে পড়ে দুই তীরের বসতবাড়ি তলিয়ে যেতে পারে। ৯ মে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর গ্রামে গিয়ে দেখা গেছে, এখানে নদীর বুকে বহু ডুবোচর পানির ভেতর থেকে উঁকি মারছে। ডুবোচরের বাইরে জমে থাকা পানিতে জাল দিয়ে মাছ ধরছেন গ্রামের মানুষ। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, এক সময় বাঁকখালী নদীর কক্সবাজার শহর অংশের কস্তুরাঘাট, ফিসারিঘাট প্রধান বাণিজ্যকেন্দ্র ছিল। এই ঘাট দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ ট্রলারে করে চট্টগ্রাম, ঢাকা সরবরাহ দেওয়া হতো। বঙ্গোপসাগর থেকে নৌকা ও ট্রলার সরাসরি ৪০ কিলোমিটার দূরে রামুর গর্জনিয়াবাজারে চলে যেত। পাহাড় ও সমতলে উৎপাদিত ফসল, ধান, চাল, তরিতরকারি, গাছ, বাঁশ নদীর পানিতে ভাসিয়ে আনা নেওয়া করা হতো। আর এখন যেন সব কল্পনা, অতীত স্মৃতি।রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ূব উল্লাহ চৌধুরী বলেন, গর্জনিয়াবাজার থেকে ফতেখাঁরকুল, অফিসেরচর, খরুলিয়া হয়ে বাঁকখালী নদীটি প্রায় ৪০ কিলোমিটারে অসংখ্য ডুবোচর ভেসে উঠেছে। যে কারণে নৌচলাচল একেবারে বন্ধ রয়েছে। ফলে দুর্গম এলাকায় উৎপাদিত ধান, চাল, সবজি, মৌসুমি ফল আম-কাঁঠাল, আনারস সরবরাহ বন্ধ রয়েছে। নদীর তলদেশ খননের জন্য একাধিকবার চেষ্টা করেও বরাদ্দ পাওয়া যাচ্ছে না। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, নদীর তলদেশ ভরাট হওয়ায় তিন উপজেলার ১০ ইউনিয়নের ৪০ কিলোমিটারে পানি শূন্যতা দেখা দিয়েছে। কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, বাঁকখালী নদীর নুনিয়াছটা থেকে মাঝিরঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার খনন করতে প্রয়োজন ৪০ থেকে ৫০ কোটি টাকা। এত টাকা পৌরসভার নেই। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রকল্প হিসেবে বাঁকখালী নদীর ৫৬ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণ, রামুর গর্জনিয়া থেকে ফতেখাঁরকুল, অফিসেরচর হয়ে ২৮ কিলোমিটার নদীর তলদেশ খনন ও পানি চলাচলের একাধিক স্লুইচগেটসহ একাধিক প্রকল্প বাস্তবায়নে ২২৫ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে গত বছর পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আসন্ন বর্ষার আগে প্রকল্পটি অনুমোদন পাওয়া গেলে তিন উপজেলায় পাঁচ থেকে সাত লাখ মানুষ উপকৃত হবে।