বাঁকা জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা চোখের দেখায় ছবিটিতে খুব বিপজ্জনক কিছু কি আছে? স্পষ্টতই কোনো হত্যা, সংঘর্ষ বা সহিংসতার ছবি নয় সেটা, যেমন ছবি সাধারণত আমরা সংবাদপত্রের পাতায় দেখে থাকি নিত্যদিন। মনে হয়, ছবিটা বুঝি খুব সাধারণ। রাস্তাঘাটে চলতে-ফিরতে আমরা আকছার দেখছি এমন দৃশ্য—হাঁটুপানিতে নেমে পানিতে আবর্জনা ফেলছে একজন মানুষ। এমন কী আহামরি সংবাদমূল্য থাকতে পারে এই ছবির? প্রথম দেখায় এমনটা মনে হতে পারে বৈকি। অবশ্য তারপর, আমরা ছবিটার আপাদমস্তক তলিয়ে দেখি এবং শিউরে উঠতে বাধ্য হই। ছবির ক্যাপশন বুড়িগঙ্গার মরণদশার কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। মনে আসে ঢাকার অন্য সব জলাধারের মুমূর্ষু অবস্থার কথাও। হ্যাঁ, এভাবেই স্রোতস্বিনী বুড়িগঙ্গাকে তিল তিল করে মৃত্যুর দুয়ারে টেনে নিয়ে গেছি আমরা। পাশাপাশি, মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো একটা ব্যাপারও আছে ছবিতে। ওই দূষিত পানিতেই মহানন্দে জলকেলি করছে দুই দুরন্ত বালক। স্বভাবসুলভ চাঞ্চল্য আর শিশুর সরলতা নিয়ে ওরা নেমেছে নদীতে। জানে না কিংবা জানার কথাও নয় কতটা স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছে তারা! যুগের পর যুগ ময়লা-আবর্জনার ভাগাড় বানিয়ে আমরা টুঁটি চেপে ধরেছি নদীর। নদীর জীবন তাই আজ যায় যায়। বড্ড দেরি করে হলেও বুড়িগঙ্গার বুক থেকে আবর্জনা সরানোর তোড়জোড় শুরু হয়েছে। শুভ সংবাদ। কিন্তু নদীর প্রতি, প্রবহমান জলের প্রতি আমাদের ভালোবাসা না বাড়লে নদীকে বাঁচানোর উপায় কী?—ই হো চৌ