বাঁকা হাতে চলে জীবনের চাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম থেকেই দুটি হাত বাঁকা। কিন্তু বাঁকা দুটি হাত ঘুরিয়ে চালান সেলাইযন্ত্রের চাকা। তাতে চলে তাঁর জীবনের চাকা, যে জীবন স্বপ্ন আর সংগ্রামে আঁকা। জীবনসংগ্রামে এই অপরাজিতার নাম হোসনে আরা খানম। পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনির ছোট্ট বাসায় দিনমান কাজ করে বিভিন্ন দোকানের চাহিদামতো পোশাক সরবরাহ করেন। কাজ করেন সেন্টার ফর ডিসঅ্যাবলস কনসার্নে (সিডিসি)। এভাবে একদিন সচ্ছলতার দেখা পেয়েছেন; এখন স্বাবলম্বী হয়েছেন। পাশাপাশি আরও কয়েকজন প্রতিবন্ধী নারী ও পুরুষকে স্বাবলম্বী করার ব্রত নিয়েছেন। গত রোববার সিডিসিতে দেখা গেল হোসনে আরার সংগ্রামের খণ্ডচিত্র। ব্লকের ছাঁচে (ডাইস) রং মাখিয়ে, রংতুলির আঁচড়ে শাড়িকে রাঙিয়ে তুলছেন কল্পনার রঙে, সুঁই-সুতোর রঙিন বুনটে নকশিকাঁথায় রূপ পাচ্ছে গ্রামবাংলা। হোসনে আরার বাবা তোফাজ্জল হোসেন রেলওয়েতে স্টেশন বুকিং ক্লার্কের কাজ করতেন। মা গৃহিণী। বাবা আদর করে ডাকেন ডলি। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি তৃতীয়। সংসারে অভাব থাকলেও ডলির পড়াশোনা থেমে যায়নি। কষ্টের সেই দিনগুলোর কথা বলেন হোসনে আরা, ‘পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই পাড়ার বাচ্চাদের পড়াতাম, নিজের পড়ার খরচ নিজেই জোগাড় করতাম। ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষা পাসের পর বাবা মারা যান। অভাবের কারণে দুই বছর পড়া বন্ধ থাকে।’ তখনো কিন্তু সংসারেই ছিল তাঁর চোখ—বাড়িতে বসেই মিষ্টির প্যাকেট, শপিংব্যাগ তৈরি ও সেলাইয়ের কাজ করতেন।তখনকার অভিজ্ঞতা অম্লমধুর, ‘অনেক জায়গায় চাকরি চেয়েছি, কিন্তু প্রতিবন্ধী বলে কেউ কাজ দিতে রাজি হয়নি। গার্মেন্টসে গেলে মালিকেরা বলেছেন, আমি নাকি স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারব না। তাই ঠিক করলাম, কারও সাহায্য ছাড়াই প্রতিষ্ঠিত হব। ১৯৯৬ সালে চট্টগ্রাম চারুকলা কলেজে ভর্তি হই। কিন্তু রং, তুলি, ক্যানভাস, কাগজ ছাড়াও আনুষঙ্গিক জিনিস কিনতে মাসে প্রায় পাঁচ-ছয় হাজার টাকা লাগত। দুই বছর পর আর চালানো সম্ভব হয়নি। ২০০৬ সালে রেলওয়েতে একটা চাকরির ইন্টারভিউ দিই। ঘুষ দিতে পারিনি বলে চাকরিটাও হয়নি।’এরপর ওই বছরই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন হোসনে আরা। সেখানে ব্লক, বাটিকের কাজ শেখেন। ২০০৮ সালে একটি অনুষ্ঠানে পরিচয় হয় সেলিম নজরুলের সঙ্গে। তাঁর কাছে সিডিসির কথা জানতে পারেন, জানতে পারেন প্রতিবন্ধীদের অধিকারের জন্য তিনি সংগ্রাম করে যাচ্ছেন। ২০০৯ সালে সিডিসির বর্তমান নির্বাহী পরিচালক লুতফুন নেসার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। পটারি, বেতের জিনিস বানানোর কাজ শেখেন সেখানে। লুতফুন নেসা বলেন, ‘ডলির সবচেয়ে বড় গুণ হলো, কখনো “না” বলতে শেখেনি। যত কঠিন কাজই তাঁকে দেওয়া হোক না কেন, হাসিমুখে বলে ‘‘আমি পারব।’’ এখন তিনি নিজেই ১২ জন প্রতিবন্ধীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।’জাহান বুটিকস অ্যান্ড টেইলার্স নামের ঘরে বসেই বুটিক খুলেছেন হোসনে আরা। এখানে ফতুয়া, গেঞ্জি, শাড়ি, বিছানার চাদর, বাচ্চাদের কাপড়, থ্রিপিস, পাঞ্জাবি, কুশন কভার, মাটি ও পুঁতির গয়না, পটারিসহ মাটি ও বেতের রকমারি গৃহসজ্জার সামগ্রী তৈরি হয়। তৈরি করেন হোসনে আরা ও তাঁর বাহিনী। দুজন বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী তাঁর অধীনে সেলাইয়ের কাজ করেন। হোসনে আরাকে দেখে স্বাবলম্বী হয়েছেন অনেকে। লালখানবাজারে বিউটি নামের এক প্রতিবন্ধী নিজের সংসার নিজেই চালান। প্রতিবন্ধী ফরিদা সন্তানদের লেখাপড়া শিখিয়েছেন, স্বামীকে ব্যবসা করতে পুঁজির জোগান দিয়েছেন ডিজাইনের কাজ করে। বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী তন্বী দাশ (২০) ইশারায় যা জানালেন তার অর্থ এই—হোসনে আরার সঙ্গে কাজ করে তাঁর সময় ভালোই কাটে। সেলাইয়ের কাজ শিখে তাঁর মতো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।জানা যায়, ‘জাহান সমিতি’ খুলেছেন হোসনে আরা। কর্মীরা প্রতি মাসে উপার্জনের একটা অংশ এতে জমা দেন। এটা ব্যবসায় খাটানো হয়। লাভসহ পুরো বছরের টাকাটা কর্মীরা ফেরত পান। হোসনে আরা বলেন, ‘প্রতিবন্ধীদের নিয়ে আমার একটা প্রতিষ্ঠান গড়ার ইচ্ছে আছে। সরকারের কাছ থেকে সাহায্য পেলে আমি একটি শোরুম দিতে পারতাম।’তাঁর মা ফাতেমা জোহরা বলেন, ‘আমার এই মেয়ের জন্য আমি গর্ববোধ করি।’