বাঁকে বাঁকে মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি আজিজ নগর থেকে পশ্চিম পটিয়া শাহ আমানত সেতু পর্যন্ত ৭৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে সড়ক ও সেতুগুলোর বেশির ভাগ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাঁকগুলো পরিণত হয়েছে মরণফাঁদে। গত এক বছরে শুধু পটিয়া এলাকার সড়কের বিভিন্ন স্থানে ৫০টির বেশি দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে সড়কগুলোর মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্ব দিন দিন বাড়ছে। টেকনাফ স্থলবন্দর দিয়ে মালামাল আনা-নেওয়া এবং পর্যটন শহর হিসেবে কক্সবাজারে নানা স্তরের মানুষের যাতায়াত বেড়েছে এই সড়ক দিয়ে। এ ছাড়া পটিয়া, সাতকানিয়া, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের হাজারো মানুষ ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম এই সড়ক। অন্যতম ব্যস্ত মহাসড়ক হিসেবে পরিচিতি পেলেও অর্থের অভাবে ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার বন্ধ রয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, কর্ণফুলী শাহ আমানত নতুন সেতু থেকে লোহাগাড়ার চুনতি আজিজ নগর পর্যন্ত ৭৫ কিলোমিটারের মধ্যে প্রায় ২৩ কিলোমিটার সড়ক বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে পটিয়ার কয়েকটি অংশ, চন্দনাইশের বাগিচাহাট, লোহাগাড়া সদরের উত্তর ও দক্ষিণাংশ এবং চুনতির আজিজ নগরের কিছু অংশ এখন ঝুঁকিপূর্ণ। সওজ সূত্র জানায়, বেশি ওজনের পণ্যবোঝাই ট্রাক ও বড় বড় ট্রাক্টর-ট্রেইলরের নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে মহাসড়কের পটিয়া, চন্দনাইশ ও লোহাগাড়ার কোথাও দেবে গেছে, না হয় উঁচু হয়ে গেছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বর্তমানে সিঙ্গেল এক্সেলের ট্রাক অথবা ট্রাক্টর-ট্রেইলর পণ্য নিয়ে যাচ্ছে প্রায় ৩০-৩৫ টন। ফলে রাস্তার ওপর বাড়তি ওজনের যে চাপ পড়ছে, তাতে রাস্তার বিটুমিন ও কংক্রিটের কিছু অংশ সরে যাচ্ছে। এতে করে রাস্তা এবড়ো-খেবড়ো, উঁচু-নিচু হয়ে যাচ্ছে। এতে যান চলাচল হয়ে পড়ছে বিপজ্জনক। বিশেষ করে প্রাইভেট কার, জিপ কিংবা ছোট আকৃতির গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ বলে তাঁরা জানান। দোহাজারি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খান কামরুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমাদের অংশে বৃষ্টির কারণে ২২ কিলোমিটার মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অংশের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। টাকা পাওয়া গেলে কার্যাদেশ দেওয়া হবে। এ ছাড়া, মহাসড়কের আরও এক-দেড় কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়কের জন্য দরপত্র আহ্বান করে কার্যাদেশ দিয়েছি। এ জন্য প্রায় ৭০ লাখ টাকা খরচ হচ্ছে।’ সরেজমিন ঘুরে দেখা গেছে, ‘লোহাগাড়ার চুনতি অংশে পার্শ্ববর্তী দুই দিকের পাহাড়ের পানি চুইয়ে কিংবা গাছতলার কারণে মহাসড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে বৃষ্টিতে গাছতলা অংশের সড়কের কার্পেটিং টেকসই হয় না।’ ঝুঁকিপূর্ণ বাঁক ও সেতু: এদিকে, মহাসড়কের পটিয়া থেকে পশ্চিম পটিয়া শাহ আমানত সেতু ও বোয়ালখালীর কালুরঘাট সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে তিনটি সেতু ও ২০টি ঝুঁকিপূর্ণ বাঁক মরণফাঁদে পরিণত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পটিয়া সদরের পূর্ব দিকে খরনা সেতু, পশ্চিমে নিমতল দরগাহসংলগ্ন সেতু এবং পটিয়া-বোয়ালখালী সংযোগ-সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁকগুলো হচ্ছে—খরণা জলুর দীঘি, পটিয়া থানার মোড়, কলেজ গেইট, ডাকবাংলো মোড়, আদালত পুকুর পাড়, আমজুর হাট মোড়, নাইখাইন ও গৈড়লার টেক, শাহগদী মার্কেট, নিমতল দরগাহ, এয়াকুবদণ্ডী বাদামতল মোড় ও পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের মোহনা (ক্রসিং), মনসার টেক, দক্ষিণ হুলাইন বেলমুহরী, ছালেহ নূর কলেজ এবং পাঁচুরিয়া এলাকা।সরেজমিনে দেখা গেছে, পটিয়া খরনা সেতুটির পশ্চিমে রেলিং ভাঙা। এটি মূল সড়ক থেকে সামান্য বাঁকা এবং সরু। স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ সেতু থেকে আটবার গাড়ি উল্টে খালে পড়ে এক শিশুসহ ১২ জনের প্রাণহানি ঘটেছে। হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ আরিফ প্রথম আলোকে জানান, সড়কের বিভিন্ন বাঁকযুক্ত স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। চালকদের অতিমাত্রায় আত্মবিশ্বাস, সড়কের ধারণক্ষমতার চেয়ে গাড়ির সংখ্যা বেশি হওয়া, অদক্ষ চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালনা ইত্যাদি কারণে দুর্ঘটনা ঘটে। গত এক বছরে ৫০-৬০টি দুর্ঘটনায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে বলে তিনি জানান।কমলমুন্সির হাট এলাকার শিক্ষক শ্যামল দে বলেন, ‘ঝুঁকিপূর্ণ বাঁক সোজাকরণ, সেতুর সংস্কার ও চালকদের বেপরোয়া ওভারটেক ও অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালানো বন্ধ করা হলে দুর্ঘটনা কমে যাবে।’ এদিকে, পটিয়া-বোয়ালখালী সংযোগস্থলে বোয়ালখালী খালের ওপর নির্মিত মিলিটারি সেতুটির অবস্থা খুবই করুণ। সেতুটির দু্ই দিকে পিলারের মাটি সরে যাওয়ায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর মাটি ও কংক্রিট দিয়ে কোনো রকমে যানবাহন চলাচলের ব্যবস্থা করে রেখেছে। বাসচালক এয়ার মোহাম্মদ বলেন, ‘নিমতল দরগাহ থেকে গৈড়লার টেক এবং থানার মোড়ের বাঁকটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। দ্রুতগতিতে গাড়ি নিয়ে বাঁকে এলে সহজে গতি নিয়ন্ত্রণ করা যায় না। অন্যদিকে, বাঁকসম্পন্ন সড়কের দুই দিকে ঝোপ-ঝাড়, ঘরবাড়ি, দোকান-পাট থাকায় একটি গাড়ি থেকে আরেকটি গাড়ি দেখা যায় না। এসব কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।’ তিনি জানান, গত এক বছরে নিমতল দরগাহ এলাকায় পরপর সাতটি দুর্ঘটনায় পাঁচজন এবং গৈড়লার টেক এলাকায় দুজন যাত্রী মারা গেছেন। পটিয়া সওজ বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থেকে দোহাজারী পর্যন্ত ২৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, বাঁক সোজাকরণসহ সড়ক উন্নয়নের (পাঁচ কিলোমিটার বিকল্প সড়কসহ) জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ৯৮ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয় ২০০৭ সালে। চলতি বছর জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সংযোগ সড়কের দুই থেকে তিনটি সেতু আংশিক নির্মাণ ছাড়া প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে এর মেয়াদ ২০১২ সালের ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া শাহ আমানত সেতু থেকে মনসা বাদামতল পর্যন্ত মহাসড়ক চার লেনে করার প্রস্তাব রয়েছে। সূত্রমতে, মহাসড়কটি ফুটপাত পর্যন্ত ২৬ ফুট প্রশস্ত হওয়া দরকার। বর্তমানে প্রস্থ আছে ১৬ থেকে ১৮ ফুট। সওজের নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী বলেন, ‘মহাসড়ক হিসেবে মনসা বাদামতল থেকে পৌর সদর এবং দোহাজারী পর্যন্ত সড়কটি আরও প্রশস্ত করা দরকার। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মতামত নেওয়া যেতে পারে।’ সওজের পটিয়া উপবিভাগীয় প্রকৌশলী মোসলেহ উদ্দিন জানান, মনসা বাদামতল থেকে দোহাজারী পর্যন্ত সড়ক সংস্কারের জন্য নতুনভাবে প্রকল্প ও প্রাক্কলন তৈরি হবে।