বাঁধ অসমাপ্ত, সেচ হচ্ছে না জমিতে
চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নের ঘোনারমুখ এলাকায় পাহাড়ি ছড়ায় বাঁধ নির্মাণের কাজ শেষ না হওয়ায় কয়েক হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আনা যাচ্ছে না। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে এ বাঁধটির নির্মাণকাজ শুরু হলেও শেষ হয়নি এখনো। গত দুই বছর ধরে বন্ধ থাকা বাঁধ নির্মাণের কাজ আবারও শুরুর দাবি জানান স্থানীয় কৃষকেরা।
বিএডিসি সূত্রে জানা গেছে, ২০১১ সালে চট্টগ্রাম জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচির আওতায় বিএডিসি থমথমিয়া ছড়ায় বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেয়। প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় এক কোটি টাকা। ২০১১ সালের ২৭ মার্চ এই বাঁধ নির্মাণের কার্যাদেশ পান ঠিকাদার জাকির হোসেন। ২০১২ সালের জানুয়ারি মাসে কাজটি শুরু হয়। জুন-জুলাই নাগাদ কাজটি শেষ হওয়ার কথা থাকলেও ওই সময়ের মধ্যে মাত্র ২২ ভাগ কাজ শেষ হয়। এরপর থেকে এখনো বাঁধটি অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট ঠিকাদার জানান, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং দুর্গম এলাকার কারণে কাজ শেষ করা যায়নি।
বিএডিসির পরিকল্পনা অনুযায়ী পাকা বাঁধের মাধ্যমে বর্ষায় ছড়ার পানি সংরক্ষণ করে স্লুইস গেটের মধ্য দিয়ে জমিতে সরবরাহ করা হবে। কিন্তু বাঁধটি অসমাপ্ত রয়ে যাওয়ায় এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। কৃষকেরা মাটি ফেলে বর্তমানে পানি ধরে রাখার ব্যবস্থা করেছেন।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনায়েদ জানান, বাঁধটি নির্মিত হলে বড়হাতিয়া ইউনিয়নের রবি ও বোরো মৌসুমে কয়েক হাজার হেক্টর জমি চাষের আওতায় আসবে।
স্থানীয় কৃষক নুরুল ইসলাম জানান, এ এলাকার অধিকাংশ লোক কৃষির ওপর নির্ভরশীল। বাঁধটি নির্মাণ হলে এলাকার কৃষকেরা সেচ সুবিধা পেত। প্রতিবছর কৃষকেরা নিজেরা কয়েক লাখ টাকা চাঁদা তুলে মাটির বাঁধ দিয়ে পানির সেচের ব্যবস্থা করেন। এ বছর পানির চাপে মাটির বাঁধটি একবার ভেঙে গিয়েছিল। বিএডিসির চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী বাবুল কান্তি লোধ জানান, ইতিমধ্যে এ কর্মসূচির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রকল্পের বরাদ্দের টাকাও ফেরত চলে গেছে। বিষয়টি ঠিকাদারকে চিঠির মাধ্যমে একাধিকবার জানানো হয়েছে। তবে প্রকল্পটি বাস্তবায়ন করা হলে ওই এলাকার কৃষকের উপকার হতো। প্রকল্পটি শুরু করার ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে তিনি জানান।