মাতামুহুরী নদীর অস্থায়ী সেচবাঁধ। ৩৭ বছর ধরে এ নদীর দুটি শাখায় বাঁধগুলো দিয়ে মিঠাপানি আটকানো হচ্ছে। আর ওই পানি দিয়ে প্রতিবছর চকরিয়া ও পেকুয়ার ৫০ হাজার একর জমিতে বোরো চাষ হচ্ছে। তাই শুষ্ক মৌসুম এলেই কৃষকদের এ নিয়ে দুশ্চিন্তা ও অপেক্ষার শেষ থাকে না। গত ১০ বছরে দেরিতে বাঁধ দেওয়ার কারণে দুই উপজেলার কৃষককে নানা ভোগান্তি সহ্য করতে হয়েছে। তবে এ বছর এক মাস আগেই বাঁধ দুটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। কৃষকেরাও আগে বাঁধ পেয়ে আগাম চাষাবাদে নামতে পেরেছেন। ইতিমধ্যে বাঁধ দুটি থেকে পানি বিভিন্ন এলাকায় সরবরাহের কাজ শুরু হয়েছে। পানি পেয়েই আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে কৃষকদের মধ্যে।জানা যায়, মাতামুহুরী নদীর চকরিয়ার পালাকাটা-রামপুর ও বাগগুজারা এলাকায় এ বাঁধ দুটি তৈরি করা হয়। সংশ্লিষ্টরা জানান, যথাসময়ে বাঁধ দুটি তৈরি হওয়ায় দুই উপজেলার উপকূলীয় এলাকায় অন্তত ১০ হাজার একর জমিতে লবণচাষ করা সম্ভব হবে। আর দ্রুত বাঁধ হওয়ায় চাষের জমিও অন্যান্য বছরের চেয়ে বেড়ে যেতে পারে। তা ছাড়া, ফলনও ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৯৭২ সালে তত্কালীন বঙ্গবন্ধু সরকার মাতামুহুরী নদীর চকরিয়া ও পেকুয়ার চারটি শাখা-প্রশাখায় চারটি অস্থায়ী সেচবাঁধ নির্মাণ করে এবং মিঠাপানি আটকিয়ে এ অঞ্চলে প্রথম বোরো চাষের সূচনা করে। সেই থেকে প্রতি শুষ্ক মৌসুমে সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় খাদ্যশস্য বরাদ্দ দিয়ে অস্থায়ী সেচবাঁধগুলো তৈরি করা হচ্ছে। শুষ্ক মৌসুমে বাঁধগুলো তৈরি করা হলেও বর্ষায় ঢলে তা আবার ভেঙে যায়। ২০০২ সালে পেকুয়ায় নদীর ভোলা খাল ও পচাকুরুলিয়া শাখায় দুটি রাবারড্যাম তৈরি করা হয়। সাহারবিলের কৃষক ছলিমুল্লাহ (৫৫) ও রুহুল আমিন (৪০) জানান, এ বছর আগেভাগে বাঁধ হওয়ায় তাঁরা কোনো দুশ্চিন্তা ছাড়াই চাষাবাদে নামতে পেরেছেন। এতে ফলনও ভালো হবে বলে তাঁরা আশা করছেন।সরেজমিনে দেখা গেছে, চকরিয়ার সাহারবিল, চিরিঙ্গা, পশ্চিম বড় ভেওলা, লক্ষ্যারচর, কাকারা ও মানিকপুর-সুরাজপুর ইউনিয়নে পুরোদমে জমি তৈরির কাজে নেমে পড়েছেন কৃষকেরা। কেউ কলের লাঙল (ট্রাক্টর) আর কেউ গরু-মহিষ দিয়ে জমি চষে বেড়াচ্ছেন। বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, যথাসময়ে বাঁধ দুটি তৈরি হওয়ায় শীতকালীন সবজি চাষও ভালো হবে। কয়েক বছর ধরে চাষিরা এ সময়ে পানি না পেয়ে গভীর নলকূপ বসিয়ে সেচ দিতেন। তবে এ বছর তা আর দরকার হবে না।চকরিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. বাকি বিল্লাহ জানান, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে সেচবাঁধ দুটি তৈরিতে ৩২৯ মেট্রিকটন চালের বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এ মাসের দ্বিতীয় সপ্তাহে বাঁধ তৈরি শেষ হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, প্রতিবছর বাঁধ দুটি তৈরির সময় নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দুশ্চিন্তার শেষ থাকত না। এ বছর সঠিক সময়ে বাঁধগুলো তৈরি সম্ভব হয়েছে।বাগগুজারা বাঁধের প্রকল্প কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম জানান, এ বছর আগে বাঁধ তৈরি শেষ হওয়ায় বেশি পরিমাণ পানি আটকানো গেছে। এতে পুরো মৌসুমে আর পানির সমস্যা হবে না। উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেন, আগে বাঁধ নির্মাণের ফলে এ বছর ৫০ হাজার একরের চেয়ে বেশি জমিতে চাষাবাদ হবে। নিশ্চিত হবে লবণচাষ। তাই এ বছর কক্সবাজারের খাদ্য ঘাটতি পূরণে চকরিয়া ও পেকুয়ার কৃষকেরা ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।