বাঁধ ভেঙে হাসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্থ সুন্দর দাঁতের জন্য চাই নিয়মিত যত্ন, মডেল: সাবিলা, ছবি: নকশা
সুস্থ সুন্দর দাঁতের জন্য চাই নিয়মিত যত্ন, মডেল: সাবিলা, ছবি: নকশা

হাসিমুখে কাউকে দেখতে খারাপ লাগে এমন উদাহরণ বোধ হয় দুনিয়াজুড়ে খুঁজে পাওয়া যাবে না। তবে নিজের দাঁত বা ঠোঁট সুন্দর নয় মনে করেন অনেকেই। তাঁরা জেনে নিন এসবের যত্ন কীভাবে নেবেন।
দাঁতের যত্নে পরামর্শ দিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের দন্ত বিভাগের বিভাগীয় প্রধান অরূপ রতন চৌধুরী। তাঁর মতে, সুন্দর হাসি ও আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য উজ্জ্বল, রোগমুক্ত দাঁতের গুরুত্ব অপরিসীম। সঠিক সময়ে যত্নের অভাবে দাঁতে আক্রমণ করে রোগ-জীবাণু ও বিভিন্ন রকমের অসুখ। তাই দাঁতের যত্নটা নিতে হবে শৈশব থেকেই। আর তা প্রতিদিন নিয়ম করে। সুস্থ-সুন্দর দাঁতের জন্য আমাদের যা করতে হবে তা-ও জানিয়ে দিয়েছেন তিনি।
* সাধারণত আমরা সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করি। কিন্তু সকালে নাশতা খাওয়ার পর দাঁত ব্রাশ করা ভালো। অনেকের ব্রাশ না করে খেতে অস্বস্তি লাগে, তাঁরা লবণপানিতে কুলকুচি করে নিতে পারেন।
* খাবারে চর্বি, পনির বা ক্রিম থাকলে অবশ্যই ব্রাশ করে কয়েকবার কুলি করতে হবে। কারণ চর্বি ও শর্করাযুক্ত খাবার দাঁতের ফাঁকে জমে দাঁতকে দ্রুত ক্ষয় করে। দাঁতের উপরিভাগে খাদ্যকণা মিশ্রিত তেল জমে দাঁতের মসৃণতা নষ্ট করে।
* দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি আমাদের অনেকের অজানা। কোনো বস্তুকে মুক্ত বাতাসে যেভাবে ব্রাশ করা সম্ভব, সেভাবে ব্রাশ দিয়ে ওপর-নিচে, ভেতর-বাইরে পরিষ্কার করতে হবে।
* নিয়মিত দাঁত পরিষ্কার না করার জন্য দাঁতের ফাঁকের ময়লাগুলো দীর্ঘদিন ধরে জমে ক্ষুদ্র পাথরকণায় পরিণত হয়। তখন দাঁতের উপরিভাগে কালো দাগ পড়ে। এ জন্য প্রতি ছয় মাস পরপর দাঁতের স্কেলিং করানো উচিত।
* প্রতি পাঁচ মাস পর ব্রাশ পরিবর্তন করতে হবে। সম্ভব হলে একই সঙ্গে সমান্তরাল ও বাঁকা দণ্ডের ব্রাশ ব্যবহার করুন। মাসে একবার ব্রাশ পরিষ্কার করুন। এ জন্য একফোঁটা স্যাভলন বা ডেটল মিশ্রিত এক বাটি কুসুম গরম পানিতে ব্রাশ ২০ মিনিট ডুবিয়ে রাখুন। ২০ মিনিট পরে স্বাভাবিক পানিতে ভালোভাবে ধুয়ে ফেলুন, যেন কোনো গন্ধ না থাকে।
* ঝকঝকে দাঁত পেতে মাঝেমধ্যেই মাউথওয়াশ দিয়ে কুলি করুন। মাউথ ওয়াশ না থাকলে আধা চা-চামচ খাবার লবণ দিয়ে দাঁত ব্রাশ করুন। প্রতিদিন লেবু বা কোনো টক ফল খান। ক্যালসিয়ামের অভাবেও দাঁতের ঔজ্জ্বল্য নষ্ট হয়। এ জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ শাকসবজি খান।
* দেখা যায় ধূমায়িত চা কিংবা ফ্রিজের ঠান্ডা পানি ছাড়া আমাদের চলে না। অতিরিক্ত ঠান্ডা বা গরম পানীয় দাঁতের জন্য ক্ষতিকর। ঠান্ডা-গরম দুই রকম পানীয় একই সঙ্গে গ্রহণ করা ঠিক নয়। খুব গরম চা বা কফি পানের অন্তত এক ঘণ্টা পরে স্বাভাবিক পানি পান করুন।
* গ্যাস্ট্রিকের কারণে দাঁতে হলুদাভ আবরণ পড়ে। ঠোঁটের দুই কোণ কালো হয়ে যেতে পারে। এ জন্য প্রতিদিন প্রচুর পরিমাণ পানি পান করুন। আবার অ্যালকোহল ও ধূমপানের প্রভাবে দাঁত কালো হয়ে যায়। দাঁতের মাড়িও কালো হয়ে ফুলে যায়। মাড়ির রক্তবাহী শিরাগুলো মোটা দেখায়, যা সুন্দর হাসির জন্য বেমানান। তাই সুন্দর হাসির জন্য দাঁতের দশদিক হলো জানা। এবার আসুন জেনে নিই কীভাবে যত্ন নেব আমরা আমাদের ঠোঁটজোড়ার। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন গীতি’স বিউটি পারলারের রূপবিশেষজ্ঞ গীতি বিল্লাহ। তিনি জানান, নিম্নমানের লিপস্টিক ও লিপবাম ব্যবহার, অতিরিক্ত চা-কফি পান, ধূমপান, ঠোঁটের সঠিক যত্ন না নেওয়ার ফলে ঠোঁটের ক্ষতি হয়। যার ফলে হাসিটাও হয়ে যায় ম্লান। সুন্দর ঠোঁটে সুন্দর হাসির জন্য রঙিন সবজি, ফলমূল ও ভিটামিন সি-জাতীয় খাবার বেশি করে খেতে হবে। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে বেশি বেশি পানি পান করতে হবে এবং ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে গ্লিসারিন লাগাতে হবে। চা-কফি ও ধূমপানের অভ্যাস থাকলে তা ছেড়ে দেওয়ায় ভালো। ঠোঁট বেশি কালো হলে লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করতে পারেন। এ ছাড়া কমলার খোসা মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করলে কালো দাগ দূর হবে। প্রতিদিন পাঁচ মিনিট ঠোঁটে শসার রস ম্যাসাজ করতে পারেন। তাতে দাগ দূর হবে। কালো দাগ দূর করার জন্য নিয়মিত নারকেল তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোঁটে ১০ মিনিট ম্যাসাজ করতে পারেন। এতে ঠোঁটের কালো দাগ দূর হবে, সেই সঙ্গে ঠোঁট হবে কোমল ও মসৃণ।