বাঁধের কারণে ক্ষতিগ্রস্তরাই অন্ধকারে!
কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সারোয়াতলী ইউনিয়নের ১০টি গ্রামের বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল। ফসলি জমি ও বসতভিটা হারিয়েছিলেন বহু বাসিন্দা। কিন্তু জলবিদ্যুৎ প্রকল্প হওয়ার দীর্ঘ ৫৩ বছর পার হলেও বিদ্যুৎ-সংযোগ পাননি এই এলাকার মানুষজন।সারোয়াতলীর বাসিন্দারা অভিযোগ করেন, ১৯৬২ সালে কাপ্তাই হ্রদ সৃষ্টির ফলে বাঘাইছড়ি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সারোয়াতলী ইউনিয়নের লোকজন। কিন্তু ১৯৯১ সালে বাঘাইছড়ি উপজেলায় বিদ্যুৎ এলেও বঞ্চিত থেকে গেছেন এই ইউনিয়নের বাসিন্দারা। সারোয়াতলী ইউনিয়নের তাংগুমা, চিন্তারামছড়া, মহিষপয্যা, খাগড়াছড়ি, হিরাচর, উত্তর সারোয়াতলী, চুরাখালী, গছাচিপা, দক্ষিণ সারোয়াতলী ও পেরাছড়া গ্রামে এখানো বিদ্যুৎ-সংযোগ মেলেনি। সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যতীন রায় চাকমা বলেন, ‘২০১০ সালে ইউনিয়নের হেডম্যান (মৌজা প্রধান), কারবারি (গ্রাম প্রধান), শিক্ষক ও এলাকাবাসীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এলাকার বাসিন্দারা বিদ্যুৎ-সংযোগ দেওয়ার দাবি জানান। এলাকাবাসীর এই দাবিটি লিখিত আকারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে জানানো হয়।’ উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ির শিজকমুখ এলাকায় থেকে আরও পাঁচ কিলোমিটার পর্যন্ত বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এই পাঁচ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ-সংযোগ সমপ্রসারণ করা হলে সরোয়াতলীর দুয়েকটি গ্রামে বিদ্যুৎ পৌঁছাবে। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের কারণে সরোয়াতলী ইউনিয়নের পাড়াগুলো একটি অপরটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে হয় নৌকায়। সম্প্রতি পাড়াগুলো ঘুরে দেখা গেছে, দু-একটি সচ্ছল পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন। তবে অধিকাংশ পরিবারের ভরসা কুপির আলো। কখনো বিদ্যুৎ-সংযোগ এলে আলোকিত হবে তাঁদের ঘর এমন আশায় দিন গুনছেন তাঁরা। সারোয়াতলী গ্রামের বাসিন্দা শৈবরানী চাকমা আক্ষেপ করে বলেন, ‘কাপ্তাই বাঁধের কারণে আমাদের অনেক অসুবিধা হয়েছে। কিন্তু এত বছরেও বিদ্যুৎ পেলাম না! এটা মানা যায় না।’ বাঘাইছড়ি উপজেলার আবাসিক প্রকৌশলী মো. ফখরুজ্জামানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সমপ্রতি সারোয়াতলী ইউনিয়নে পাঁচ কিলোমিটার বিদ্যুৎ-সংযোগ সম্প্রসারণের প্রক্রিয়া চলছে। ওই পাঁচ কিলোমিটার এলাকায় সংযোগ পৌঁছালে দুই থেকে তিনটি গ্রাম বিদ্যুতের আওতায় আসবে। আগামী সময়ে আরও এলাকায় বিদ্যুৎ সম্প্রসারণ করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রেহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সারোয়াতলী ইউনিয়নের অধিকাংশ গ্রামে এখনো বিদ্যুৎ নেই। যেসব গ্রামে বিদ্যুৎ নেই, সেসব গ্রামে পর্যায়ক্রমে বিদ্যুৎ পৌঁছানো হবে।’