প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারানো মহেশখালীর ২০ হাজার মানুষের পুনর্বাসন হয়নি। বাঁধের ঢালুতে ঝুপড়ি ঘর তুলে বসবাস করছে তারা। সব রকম সরকারি সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত।জানা গেছে, গত দুই দশকে পাঁচটি ছোট-বড় ঝড় আঘাত হেনেছে মহেশখালীতে। এর মধ্যে ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে এই দ্বীপের প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে বিপুলসংখ্যক মানুষ উদ্বাস্তু হলেও তাঁদের পুনর্বাসন হয়নি।উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকায় গেলে বেড়িবাঁধে বসবাসকারী লোকজন তাদের দুর্দশার কথা তুলে ধরে। বাঁধে বসবাসকারী আবদুল লতিফ, মোহাম্মদ আলমগীর হোসেন ও আবুল কালাম জানান, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে তাঁদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। সেই দুর্যোগের পর আবার নতুন করে বাড়ি তৈরি করেন তাঁরা।কিন্তু এরপর আবারও ঝড়ে তাঁদের বাড়ি বিধ্বস্ত হয়। এখন এই বাঁধে স্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন তাঁরা।মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, এই ইউনিয়নের অন্তত ৮০০ পরিবার দুর্যোগের কবলে পড়ে গৃহহীন হয়ে বিভিন্ন বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। উদ্বাস্তু পরিবারগুলো শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ধলঘাট ইউপির সদস্য আতা উল্লাহ বোখারী বলেন, উদ্বাস্তু পরিবারগুলো ঝুঁকি নিয়ে বেড়িবাঁধে বসবাস করছে। বড় ধরনের দুর্যোগ হলে হাজার হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।ধলঘাট ইউপির চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত গৃহহীন লোকদের পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার বলেন, উপজেলার কুতুবজোম, ধলঘাট ও মাতারবাড়ী ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছে। তাই এসব মানুষকে পুনর্বাসন করার জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে মহেশখালীর ইউএনও এ টি এম কাউসার হোসেন বলেন, বাঁধে বসবাসকারী পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জলবায়ু তহবিলের অর্থায়নে ৭০টি ঘর তৈরির কাজ চলছে। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে।