
আনোয়ারার রায়পুরে বঙ্গোপসাগরের ভাঙনকবলিত বেড়িবাঁধ ভরাট করা হচ্ছে ওই বাঁধের পাশ থেকে মাটি কেটে। ফলে বর্ষা আসার আগেই বাঁধ পানির ধাক্কায় ভেসে যাওয়ার আশঙ্কা করছেন জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, উপজেলার রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ১ কোটি ২৬ লাখ টাকা টাকা ব্যয়ে ৬২৫ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ বসানোর কাজ করা হচ্ছে। সামনের বর্ষায় রায়পুরকে ভাঙন থেকে রক্ষায় এই প্রকল্প হাতে নেওয়া হয়। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোম্পানি।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বার আউলিয়া এলাকার উত্তর পাশে কয়েকজন শ্রমিক কোদাল দিয়ে নির্মাণাধীন বাঁধের পাশ থেকে মাটি কেটে বাঁধ ভরাট করছেন। তার সামান্য দক্ষিণে জোয়ারের ধাক্কায় বাঁধের ওপর আছড়ে পড়ছে পানি। ওই সময় কাজের তদারকি করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পরিচয়দানকারী এস এম ওয়াহিদুজ্জামান।
এস এম ওয়াহিদুজ্জামান বলেন, ‘বাঁধের পাশ থেকে মাত্র ছয় ইঞ্চি গভীর করে মাটি কাটা হচ্ছে। এর বাইরে আমি বেশি বলতে পারব না।’
বার আউলিয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেম (৩৯) বলেন, ‘পাউবো ও ঠিকাদার বাঁধ ভরাটের নামে খাল তৈরি করছে। বাঁধের পাশ থেকে মাটি ভরাট করায় বর্ষা আসার আগেই এ বাঁধ ভেসে আমাদের সর্বনাশ হবে।’ একই গ্রামের আবদুর রহিম বলেন, ‘প্রতিবছর এভাবে বাঁধ সংস্কার করা হয়। এরপর অল্প দিনেই ভেসে যায়। আর আমার পানিতে ভাসি।’
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবের ইবনে মাহবুব বলেন, ‘পাশের মাটি কাটা হলে বাঁধ টিকবে না। এই অনিয়মের ব্যাপারে পাউবোতে বলতে গেলে তারা জানায় শিডিউলে এভাবে মাটি কাটার বিষয়টি লেখা আছে। কিন্তু শিডিউল দেখতে চাইলে আমাকে দেখানো হয়নি।’
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী রুহুল আমিন বলেন, ‘আমরা এক কিলোমিটার দূর থেকে মাটি কেটে বাঁধ ভরাট করেছি। সামন্য মাটি বাঁধের পাশ থেকে কাটা হয়েছে, আশা করি এতে ক্ষতি হবে না।’
পাউবোর উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, ‘শুনেছি কিছু মাটি বাঁধের ৫০ ফুট দূর থেকে কাটা হয়েছে, অবশিষ্ট মাটি বিভিন্ন এলাকা থেকে সরবরাহ করা হয়েছে। এ জন্য বাঁধের ক্ষতি হবে না।’