বাঁশ এনেছে সচ্ছলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাঁশ দিয়ে নানা সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করছেন ৪০ হাজার মানুষ। সোফা, দোলনা, মোড়া, চেয়ার, ঝুড়িসহ নিত্যব্যবহার্য নানা সামগ্রী তৈরি করছেন রাঙ্গুনিয়ার বাঁশ ও বেতের কারিগররা। এ পেশার সঙ্গে যুক্ত হয়ে এলাকার প্রায় ১২ হাজার পরিবার দেখেছে সচ্ছলতার মুখ। রাঙ্গুনিয়া বাঁশ ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন জানান, উপজেলার বিভিন্ন হাটবাজারে বাঁশ ও বেতের তৈরি উপকরণের প্রচুর চাহিদা রয়েছে। বাঁশ ও বেতের তৈরি এক সেট সোফা সাত-আট হাজার, দোলনা ৩০০ থেকে এক হাজার ২০০, মোড়া ১০০, চেয়ার ৩০০-৪৫০, তাক (সেলফ) ৫০০-৬০০, কুলা ৬০-৮০ টাকায় বিক্রি হয়।পোমরা লাইয়্যাপাড়া গ্রামের বাসিন্দা শাহ আলম (৪৭) বলেন, ‘বাঁশ ও বেতের সামগ্রী বিক্রির অর্থ দিয়ে সংসারের খরচ মিটিয়েও প্রতি বছর দেড় লাখ টাকারও বেশি জমা হয়। লাইয়্যাপাড়া গ্রামের প্রায় ৪১০ পরিবার বাঁশ ও বেতের উপকরণ বিক্রি করে এখন স্বাবলম্বী।’ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক কৃষ্ণপদ দাশ প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় উৎপাদিত বাঁশ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাঁশসম্পদ কাজে লাগিয়ে রাঙ্গুনিয়ার বেকার যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।’রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বাঁশ ও বেতের কাজের সঙ্গে জড়িত এমন কেউ অর্থসংকটে থাকলে তাঁদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা রয়েছে। বেকার যুবক-যুবতীদের বাঁশ ও বেতের সামগ্রী তৈরির কাজে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’