বাঁশখালী ইকোপার্কের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈসর্গিক সৌন্দর্যের মোহনীয় রূপ, পুরাকীর্তি ও নানা ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী পর্যটনশিল্পের অনন্য সংযোজন। বাংলাদেশে এমন উপজেলা খুব বেশি নেই, যেখানে বন-পাহাড়, সমতল ভূমি, খাল, নদী ও সমুদ্র, বালুচরসমৃদ্ধ সৈকত, পাহাড়ি হ্রদ, ইকোপার্কসহ (প্রাকৃতিক চিড়িয়াখানা) বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের এমন সমাহার ঘটেছে।তাই পর্যটন এলাকা হিসেবে বাঁশখালীকে ঘিরে পর্যটকদের আগ্রহ দিন দিন বাড়ছে। নাটক-চলচ্চিত্রনির্মাতারা ছবির চিত্রায়ণের জন্য বেছে নিচ্ছেন এখানকার আকর্ষণীয় স্থানগুলো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা গবেষণাকাজে ব্যবহার করছেন ইকোপার্ক।কী আছে বাঁশখালীতে: এখানে রয়েছে ২৭ কিলোমিটার বালুচরসমৃদ্ধ সৈকত, ১২ কিলোমিটার পাহাড়ি হ্রদ ও প্রাকৃতিক জীববৈচিত্র্যে ভরপুর ইকোপার্ক। পুকুরিয়ায় তিন হাজার ৬৬২ একর সীমানাজুড়ে চানপুর বৈলগাঁও চা-বাগান, সমুদ্রের মোহনায় খাটখালী মিনি সমুদ্রবন্দর, সামুদ্রিক মৎস্য আহরণকেন্দ্র ও চিংড়িঘের এবং লবণের মাঠ দেখে শেখার আছে অনেক কিছু। ব্রিটিশ যুদ্ধে গণ্ডামারার সাগরবক্ষে বিধ্বস্ত যুদ্ধবিমান, সাধনপুরে কামান, ইলশার ষাট গম্বুজ মসজিদ, বাণীগ্রামের শিখ মন্দিরসহ বিভিন্ন পুরাকীর্তির নিদর্শন সত্যিই দেখার মতো।ইকোপার্কে দেশের দীর্ঘতম ঝুলন্ত সেতু, বিভিন্ন প্রজাতির পশুপাখি, জলজ উদ্ভিদ, হ্রদের বিশাল জলরাশি, কাশফুলের দৃশ্য ও বন্য প্রাণীর সুরেলা কোলাহল যে কারও মনে জাগাবে অন্য রকম অনুভূতি। পাহাড়ের চূড়ায় উঠে খালি চোখেই দেখা যায়, বঙ্গোপসাগরের অথই জলরাশি। বিকেলে উপভোগ করা যায় সূর্যাস্ত দেখার দুর্লভ মুহূর্ত।যেভাবে ইকোপার্কে যাবেন: চট্টগ্রাম শহরের শাহ আমানত সেতুর পাশ থেকে বাঁশখালীর স্পেশাল সার্ভিসে ৬০ টাকা ভাড়ায় বাঁশখালী পৌরসভার মনছুরিয়া বাজারে নামতে হবে। মনছুরিয়া বাজার থেকে রিকশাভাড়া ৩০ টাকা। রাতে থাকার ব্যবস্থা না থাকলেও দুপুরের খাবারসহ বিভিন্ন রকমের হালকা খাবার পাওয়া যায় ইকোপার্ক এলাকায়। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য ইকোপার্ক উন্মুক্ত। নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত প্রহরী।স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন নাটকের চরিত্র চিত্রায়ণের জন্য ইতিমধ্যে ইকোপার্কে এসেছেন শাহরিয়ার নাজিম জয়, শ্রাবন্তী, ডা. এজাজ মাহমুদসহ চিত্রজগতের অনেকে। গত রোববার চট্টগ্রাম শহরের বাকলিয়া থেকে এসেছিলেন নজিবুল হক, পাপিয়া সুলতানা, নাইমা আকতার। তাঁরা জানান, বাঁশখালী ইকোপার্কে ঘুরে তাঁদের খুব ভালো লেগেছে। এখানকার ঝুলন্ত সেতু, পাহাড়, ছোট ছোট নদীর কলতান তাঁদের মন কেড়েছে। পর্যটন করপোরেশন নজর দিলে বাঁশখালীকে পর্যটন শহর হিসেবে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেন তাঁরা।নতুন সড়ক, নতুন সম্ভাবনা: বাঁশখালী কক্সবাজার জেলার সঙ্গে লাগোয়া একটি উপজেলা। জানা গেছে, বাঁশখালীর ওপর দিয়ে নির্মিত হচ্ছে চট্টগ্রাম-বাঁশখালী-কক্সবাজার মহাসড়ক। সড়কটি চালু হলে কক্সবাজার থেকে বাঁশখালীর দূরত্ব ৩৩ কিলোমিটার কমে আসবে সড়কপথে। এতে কক্সবাজার যাওয়া-আসার পথে পর্যটকেরা ঘুরে যেতে পারেন বাঁশখালীতে।স্থানীয় লোকজনের মতে, সড়কটি নির্মিত হলে উপকূলীয় এলাকাবাসী প্রতিবছর সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাবে, দেশীয় সম্পদের চোরাচালান রোধ হবে, জেলেরা জলদস্যুদের হাত থেকে রক্ষা পাবেন। সড়ক দিয়ে যাওয়া-আসার সময় দেখা যাবে কুতুবদিয়া চ্যানেল, মহেশখালী চ্যানেল ও বাঁশখালী চ্যানেলের সংযুক্ত মোহনায় সামুদ্রিক জলের বর্ণিল দৃশ্য।পর্যটকদের মতে, বাঁশখালী ইকোপার্কের পাহাড় থেকে চা-বাগান এবং সৈকতের বালুচর পর্যন্ত কেব্ল কার সংযোজন করা হলে পর্যটকদের আকর্ষণ বাড়বে। এটি দেশের পর্যটনশিল্পে নতুন দিগন্ত সৃষ্টি করবে।এসব ব্যাপারে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, ‘বাঁশখালী ইকোপার্কে প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ ভ্রমণ করতে আসেন। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা তথা বিনোদনের জন্য আকর্ষণীয় স্থান হচ্ছে ইকোপার্ক। তাঁদের নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষকে নজর দিতে হবে।ইকোপার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পাহারাদার রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে ইকোপার্ক কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।’