বাঁশখালী উপকূলে ১৩০০ একর খাসজমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী সমুদ্র উপকূলে চার ইউনিয়নে বন বিভাগের প্রায় এক হাজার ৩০০ একর বনভূমি বেদখল হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছনুয়া ইউনিয়নের কুদুকখালী, গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম গণ্ডমারা, সরল ইউনিয়নের পশ্চিম সরল ও বাহারছড়া ইউনিয়নের খালিয়াপাড়া এলাকায় সমুদ্র থেকে জেগে ওঠা খাসজমিতে বন বিভাগ গাছ লাগিয়েছিল। কিন্তু দখলকারীরা এসব গাছ কেটে সেখানে লবণমাঠ ও চিংড়িঘের তৈরি করেছেন। এ নিয়ে বন বিভাগ দখলকারীদের বিরুদ্ধে এ পর্যন্ত ৯৫টি মামলা করেছে।এলাকা ঘুরে এবং সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে বন বিভাগের এ জমি দখলের সঙ্গে এলাকার পাঁচ প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এরা হলেন, আমিনুর রশিদ চৌধুরী, জহিরুল ইসলাম, মৌলভী ইব্রাহিম, আবদুল মোনাফ ও জাফর মিয়া। এরা অনুসারীদের নিয়ে দখলদারী বজায় রাখেন। অনেকে দখলকে আইনসিদ্ধ করতে বিভিন্ন সমিতির নামও ব্যবহার করছেন বলে জানা যায়।সূত্র মতে, দখলের জায়গার সীমানা নিয়ে এ চক্রগুলো নিজেদের মধ্যেও দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রায়ই র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ওই এলাকায় অভিযান চালাতে হচ্ছে। দখলকারী চক্রগুলো সব সময় ক্ষমতাসীন দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখে বলেও অভিযোগ উঠেছে।ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ছনুয়া উপকূলে বর্তমানে বেশ কয়েকটি ভূমিদস্যু চক্র সরকারি চরভূমি দখল করে রেখেছে। এসব ভূমির দখল নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে। তিনি জানান, জবরদখলকারীদের উচ্ছেদ করে ওই ভূমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া প্রয়োজন।বন বিভাগের হিসাবে দেখা যায়, এ পর্যন্ত জহিরের নামে ২২টি, আমিনুরের নামে আটটি, মোনাফের নামে ১১টি ও জাফরের নামে ১৩টি মামলা হয়েছে।জানা যায়, অভিযুক্ত মৌলভী ইব্রাহিম বন বিভাগের জমি দখল করে সেখানে উপকূলীয় ভূমিহীন সমবায় সমিতি গঠন করেন। তিনি ওই সমিতির সম্পাদক। জানতে চাইলে মৌলভী ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘উপকূলের ৫৩৫ একর ভূমি সমিতির সদস্যদের দখলে রয়েছে। কীভাবে ওই ভূমি দখল করলেন জানতে চাইলে তিনি জানান, ‘সরকারের কাছে বন্দোবস্তি পাওয়ার আবেদন করেছি, তাই এসব জমি আমরা ভোগ-দখল করে আছি। আশা করি, ওই জমি আমরা পেয়ে যাব।’অপর দখলদার সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ বলেন, সাগর উপকূলের অধিকাংশ ভূমি তাঁর পৈতৃক। অন্য চক্রগুলো তাঁকে উচ্ছেদ করতে বিভিন্ন সমিতি ও সংগঠন গড়ে তুলে ওই ভূমি গ্রাস করেছে। তিনি দাবি করেন, তাঁর দখলে কোনো সরকারি জায়গা নেই।গণ্ডামারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুইনুদ্দীন মোহাম্মদ জাবের জানান, সরকারি খাসভূমি বর্তমানে বিভিন্ন ভূমিদস্যু চক্রের দখলে রয়েছে। সরকার তাদের উচ্ছেদের সিদ্ধান্ত নিলে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান তিনি।বন বিভাগের বাঁশখালী উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা কুশ কুমার বৈদ্য প্রথম আলোকে জানান, বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর থেকে চিঠি (পত্র নম্বর ৮২৩/১৫-১৪) দিয়ে জবরদখলকারী মামলাভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশকে অনুরোধ করা করেছিল। অন্য একটি পত্রে (পত্র নম্বর ৩২৮/৮-২১৮) বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। কিন্তু জবরদখলকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আছে। ওই এলাকায় সরকারি ভূমি জবরদখলের প্রবণতা দিন দিন বাড়ছে বলে সংশ্লিষ্ট লোকজন মনে করেন।বন বিভাগ সূত্রে জানা যায়, ২০০৮ সালের মে মাসে জেলা প্রশাসক ১০৮২ একর ভূমিতে জবরদখলকারীদের উচ্ছেদ করতে বিজ্ঞপ্তি (নোটিশ) জারি করেছিলেন। পরে তা আর কার্যকর হয়নি। তা ছাড়া তিন মাস আগে কিছু জায়গা ভূমি মন্ত্রণালয়কে হস্তান্তর করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এরপর এক হাজার ৩০০ একর ভূমির তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন জানান, জবরদখলকারীরা যতই শক্তিশালী হোক, তাদের উচ্ছেদ করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন প্রশাসনের কাছে তালিকা পাঠানো হয়েছে।স্থানীয় সূত্র জানায়, সাগর উপকূলীয় চরভূমিতে প্রাকৃতিক ও কৃত্রিমভাবে সৃষ্ট প্যারাবন (ম্যানগ্রোভ বন) স্থানীয় উপকূলবাসীর জান-মাল, স্থাবর ও অস্থাবর সম্পত্তির রক্ষাকবচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য জেগে ওঠা চরে বন বিভাগ দ্রুত গাছ লাগাতে শুরু করে। এলাকাবাসীও মনে করেন, উপকূলীয় প্যারাবন কেটে লবণমাঠ ও চিংড়িঘের নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ওই এলাকা চরম পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। একই সঙ্গে দুর্যোগকালীন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে জনসাধারণ।