বাঁশখালী মৌলভীবাজার সেতুতে ধস, ভারী যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর মৌলভী বাজার সেতুর প্লেট ধসে পড়ায় এক বছরের বেশি সময় ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এলাকাবাসীর ভোগান্তি বেড়েছে। কারণ এ সড়ক দিয়েই বাঁশখালী থেকে মগনামা ঘাটে চলাচল করা যেত। এখন সড়কে রিকশা-ট্যাক্সি তো দূরের কথা পায়ে হেঁটে যাতায়াতও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত এক বছরে সেতু থেকে পড়ে আহত হয়েছেন ৩৫ পথচারী। উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক বিভাগ ১৯৯৩ সালে শেখেরখীল ও ছনুয়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বাঁশের সাঁকো সরিয়ে ইস্পাতের পাত দিয়ে বেইলি সেতু নির্মাণ করে। এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির উদ্বোধন করেন তত্কালীন যোগাযোগমন্ত্রী অলি আহমদ। কুতুবদিয়া লঞ্চঘাট সড়কের জলকদর খালের ওপর নির্মিত মৌলভী বাজার বেইলি সেতুর প্লেট ধসে যায় ২০০৮ সালের ১৮ অক্টোবর। গত বছরের আগস্টে বাঁশখালী প্রকৌশল কার্যালয় প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে বেইলি সেতুটি সংস্কার করলেও একই বছরের ২০ অক্টোবর আবারও লবণ বোঝাই ট্রাকের কারণে প্লেট ধসে পড়ে। মৌলভী বাজারের ব্যবসায়ী আবু কাশেম জানান, প্লেটের ভাঙা অংশ দিয়ে রাতের আঁধারে পারাপার হতে গিয়ে প্রতিদিনই আহত হচ্ছেন কেউ না কেউ।চট্টগ্রাম-বাঁশখালী যানবাহন কোস্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী জানান, দেড় বছর ধরে চট্টগ্রাম-ছনুয়া-কুতুবদিয়ার বাস-কোস্টার, ট্যাক্সিসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে কুতুবদিয়া, ছনুয়া, গন্ডামারা, বড়ঘোনা, পুঁইছড়ি, শেখেরখীল, রাজাখালী ও পেকুয়ায় নিয়মিত যাতায়াতকারী যাত্রী, লবণ ও মাছ ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পায়ে হেঁটে সেতু এলাকা পেরিয়ে তাঁদের যানবাহনে চড়তে হয়। উপজেলা প্রকৌশলী মিহির কুমার রায় প্রথম আলোকে জানান, পুনরায় সেতুটি ধসে পড়ায় একে কংক্রিটের সেতুতে রূপান্তর করার জন্য ৫০ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব আকারে প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে।