বাঁশখালীতে আট হাজার গাছ কেটে ফেলেছে বনদস্যুরা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর লটমনি এলাকায় ব্যক্তিমালিকানাধীন ১৪ একর পাহাড়ের আট হাজার গাছ কেটে ফেলেছে বনদস্যুরা। এসব গাছের মূল্য সাত লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন বাগানের মালিকেরা। স্থানীয় মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ ইসহাকের মালিকানাধীন পাহাড় থেকে এসব গাছ কেটে ফেলার পর স্থানীয় ইটভাটাগুলোতে পানির দরে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরবর্তীকালে সাতকানিয়া থানায় মামলাটি করা হলেও আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। গত এক সপ্তাহ ধরে বনদস্যুরা এসব বৃক্ষ নিধন করে পাহাড়টিকে বিরানভূমিতে পরিণত করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। নিধন করা গাছের মধ্যে নারিকেল, সুপারি, পেঁপে, মেহগনি, একাশিয়া, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।মামলার এজাহার ও ক্ষতিগ্রস্ত সূত্র জানায়, বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের মোহাম্মদ ইসহাকের মালিকানাধীন জঙ্গল সাধনপুর লটমনি এলাকায় ১৪ একর পাহাড়ি ভূমিতে বিভিন্ন প্রজাতির গাছের বাগান রয়েছে। গত কিছু দিন থেকে ভূমিদস্যু চক্রের কুনজর পড়ে। পাহাড়টি দখলে নিতে সন্ত্রাসীরা বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গত এক সপ্তাহ ধরে সন্ত্রাসীরা দলবল নিয়ে ওই পাহাড়ের ছোট-বড় আট হাজার গাছ কেটে ফেলে। এ ঘটনায় মোহাম্মদ ইসহাক বাদী হয়ে মামলা করেছেন। মামলা দায়েরের পর আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী জানান, ইদানীং বাঁশখালী থেকে প্রতিদিন গাছ কেটে তা পাচার করা হলেও প্রশাসনের কোনো নজরদারি নেই। ব্যক্তিগতভাবে আমি বৃক্ষনিধনের বিরুদ্ধে বহু উদ্যোগ নিলেও প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় তা কাজে আসছে না। বন বিভাগের সাধনপুর বিট কর্মকর্তা পরেশ বাবু জানান, সাতকানিয়ার বনদস্যুরা রাতের আঁধারে এসব গাছ কেটে নিয়েছে। বনদস্যুদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।