বাঁশখালীতে দুই হাজার নলকূপ অকেজো
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় সরকারি ও বেসরকারিভাবে ছয় হাজার ৮৮২টি নলকূপ রয়েছে। এর মধ্যে ছয় বছর ধরে দুই হাজার নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। তাই তীব্র পানিসংকট দেখা দিয়েছে। নলকূপ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য প্রকৌশলী ও বিভিন্ন এনজিও সূত্রে জানা যায়, উপজেলায় ১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর থেকে এ পর্যন্ত পুইচড়ি, ছনুয়া, চাম্বল, শিলকূপ, শেখেরখীল, গন্ডামারা, সরল, কালীপুর, কাথারিয়া, খানখানাবাদ, বাহারছড়া, সাধনপুর, পুকুরিয়া পৌরসভায় সরকারিভাবে ৪৭৫৫টি নলকূপ রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৮৯টি অকেজো। বেসরকারি এনজিও সংস্থার অধীনে রয়েছে ২১২৭টি। এর মধ্যে ১৪১১টি গত ১০ বছর ধরে সম্পূর্ণ অকেজো অবস্থায় আছে। জনস্বাস্থ্য প্রকৌশলী সূত্রে জানা যায়, প্রতি ৭৫ জনের জন্য একটি নলকূপ থাকার কথা থাকলেও বাঁশখালীতে আছে ১৮০ জনের জন্য একটি নলকূপ। এর মধ্যে অনেক নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। গত দুই তিন মাস ধরে, বাঁশখালীর মানুষের কাছে পানির সমস্যা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুকুরিয়া ইউনিয়নের পূর্ব পুকুরিয়া এলাকার মোহাম্মদ শওকত জানান, আমাদের সমাজে ৫০০ পরিবার রয়েছে। দুটি নলকূপের একটি অকেজো। এলাকার নারী-পুরুষেরা দুই কিলোমিটার পায়ে হেঁটে পানি আনতে যায়। অনেক সময় শঙ্খ নদীর পানি পান করে। গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মৌলভি মোহাম্মদ আরিফ উল্লাহ জানান, আমার ইউনিয়নে নলকূপের সমস্যা প্রধান সমস্যা। নলকূপের জন্য আমার বোর্ড অফিসে লোকজন ধরনা দেন। সরকারিভাবে যে নলকূপ বরাদ্দ আছে, এর বাইরে আরও ২০০ নলকূপের দরকার।জনস্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান দেওয়ানী প্রথম আলোকে জানান, বাঁশখালীতে সংখ্যা অনুপাতে নলকূপের সংখ্যা খুবই কম। বর্তমানে চার হাজার ৭৫৫টি সরকারিভাবে নলকূপ থাকলেও এর মধ্যে ৫৮৯টি অকেজো। এ ছাড়া বোরো মৌসুম হওয়ায় গভীর নলকূপের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট হয়েছে। তবে অকেজো নলকূপের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আবেদন করা হয়েছে।