বাঁশখালীতে দেড় হাজার নলকূপ অকেজো
বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় সরকারি ও বেসরকারিভাবে ছয় হাজার ৬৭৫টি নলকূপ রয়েছে। এর মধ্যে চার বছর ধরে দেড় হাজার নলকূপ অকেজো হয়ে পড়ে আছে, সংস্কারের কোনো উদ্যোগ নেই।জনস্বাস্থ্য প্রকৌশলী ও বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সূত্রে জানা যায়, এ উপজেলায় ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর থেকে এ পর্যন্ত পুকুরিয়া সাধনপুর, বাহারছড়া, খানখানাবাদ, কাথারিয়া, কালীপুর, সরল গণ্ডামারা, শিলকূপ, চাম্বল, শেখেরখীল, চনুয়া, পুঁইছড়ি ও বাঁশখালী পৌরসভায় সরকারিভাবে নলকূপ রয়েছে চার হাজার ৩০০টি। এর মধ্যে বর্তমানে ৪২৭টি অকেজো হয়ে পড়ে আছে। বেসরকারি এনজিও সংস্থার অধীনে রয়েছে এক হাজার ৩৭৫টি। এর মধ্যে এক হাজার ৭৩টি গত পাঁচ বছর ধরে সম্পূর্ণ অকেজো অবস্থায় আছে। স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে নলকূপ অকেজো হয়ে পড়ায় এলাকায় পানির তীব্র অভাব। সরকারিভাবে ৭৫ জনের পেছনে একটি নলকূপ থাকার কথা থাকলেও বাঁশখালীতে পড়েছে ১৫০ জনের জন্য একটি নলকূপ। এর মধ্যে অনেক নলকূপ অকেজো। তাই বাঁশখালীর মানুষের কাছে পানির সমস্যা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গণ্ডামারা এলাকার আসাদ আলী জানান, ‘আমাদের সমাজে ৩৫০টি পরিবারের রয়েছে একটি মাত্র নলকূপ। তাও গত তিন বছর ধরে অকেজো। আমাদের এলাকার নারী-পুরুষদের এক কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে পানি আনতে হয়। অনেক সময় পুকুরের পানি ফিটকিরি দিয়ে সিদ্ধ করে পান করে থাকি। নলকূপের জন্য স্থানীয় চেয়ারম্যানের কাছে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি।’সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসানউল্লাহ চৌধুরী জানান, ‘নলকূপের সমস্যা আমার ইউনিয়নের প্রধান সমস্যা। এর জন্য প্রতিনিয়ত আমার অফিসে লোকজন ধরনা দেন। সরকারিভাবে যেগুলো বরাদ্দ আসে সেগুলো ছাড়াও আমার এলাকায় আরও ১০০টির মতো নলকূপ দরকার।’ জনস্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান দেওয়ানজী প্রথম আলোকে জানান, ‘বাঁশখালীর জনসংখ্যার অনুপাতে নলকূপের সংখ্যা কম। বর্তমানে চার হাজার ৩০০টি সরকারি নলকূপের মধ্যে ৪২৭টি অকেজো। তা ছাড়া বোরো মৌসুম হওয়ায় গভীর নলকূপের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিভিন্ন এলাকায় পানির সমস্যা হচ্ছে। তবে শিগগির অকেজো নলকূপের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।