বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ে ৬৬ শিক্ষকপদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ৬৬ শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে এখানকার প্রাথমিক শিক্ষার মান যথাযথ থাকছে না। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে পড়াশোনা করে ৮৩ হাজার ৫০০ জন শিক্ষার্থী। সরকারিভাবে শিক্ষক থাকার কথা ৭১৯ জন, কিন্তু বর্তমানে আছেন ৬৫৩ জন। এর মধ্যে ১৬টি প্রধান শিক্ষকের এবং ৫০টি সহকারী শিক্ষকের পদ রয়েছে। শিক্ষকসংকটের কারণে বর্তমানে বাঁশখালী উপজেলার প্রায় অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান কমে যাচ্ছে। পশ্চিম গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত তিন বছর ধরে প্রধান শিক্ষক নেই বলে জানালেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. আলমগীর। সরেজমিনে দেখা যায়, বাঁশখালী উপকূলে ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের পর থেকে মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে সরকারি ও এনজিও সংস্থাগুলোর অনুদানে অর্ধশতাধিক আশ্রয়কেন্দ্র নির্মিত হয়। এগুলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু শিক্ষকসংকটের কারণে পড়ালেখা না হওয়ায় এলাকার শিশুরা বিদ্যালয়ে না গিয়ে সমুদ্রে মাছের পোনা আহরণ করে। উপকূলীয় গণ্ডামারা ইউনিয়নের চরপাড়া এলাকার আবদুল মান্নান জানান, প্রাথমিক বিদ্যালয়ের পড়ালেখা ঠিকমতো না হওয়ার কারণে ছেলেকে নিয়ে তিনি সমুদ্রে মাছের পোনা আহরণ করতে যান। ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী জানান, ‘আমার ইউনিয়নে ১০টির বেশি আশ্রয়কেন্দ্র রয়েছে। ওখানেও রয়েছে শিক্ষকসংকট।’ ১৩ নম্বর পশ্চিম বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উৎসানা শীল জানান, ‘আমাদের বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। দীর্ঘদিন থেকে আমরা তিনজন শিক্ষক দিয়ে পাঠদান করে আসছি।’ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস জানান, শিক্ষকসংকট হলেও আমাদের শিক্ষকেরা পাঠদানের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং সাফল্যের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করে যাচ্ছে।