বাঁশখালীতে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর এক কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শুরু হয়েছে। ছয় লক্ষাধিক মানুষ বাস করে এই উপজেলায়। কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের সময় উপজেলার মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হয়। বছরের পর বছর আগুনে এখানকার শত শত ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরে উপজেলার পুঁইছড়ি, প্রেমবাজার, নাপোড়া বাজার, চাম্বল বাজার, বৈলছড়ি কেবি বাজার, শেখেরখীল মৌলভীবাজার, পৌরসভা উত্তর জলদী তালুকদারপাড়া, তেলীপাড়া, কাথারিয়া, সরল হারুন বাজার, পূর্ব মিনজিরীতলা, কাহারঘোনাসহ পৌরসভা সদরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্রে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত বছরগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়ীদের কোটি টাকার মালামালসহ দোকানপাট ও বাণিজ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একের পর এক বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেলেও মৌখিক সহানুভূতি ছাড়া কর্তৃপক্ষের কোনো ভূমিকা দেখা যায়নি। এ এলাকার সাধারণ অসহায় মানুষের কথা চিন্তা করে জরুরিভাবে এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য বাঁশখালীর বেশ কয়েকজন সচেতন মানুষ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। অবশেষে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী দারোগা বাজারসংলগ্ন ৩৩ শতাংশ জায়গার ওপর ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জায়গা খরিদসহ এক কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে এই স্টেশন নির্মাণ করা হচ্ছে। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার ফলে এলাকাবাসীর বহুদিনের দাবি হলেও বর্তমান সরকার বাঁশখালীতে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস স্থাপন করে সাধারণ ভুক্তভোগী জনসাধারণের সার্বিক জানমাল রক্ষার্থে অগ্রণী ভূমিকা পালন করছে।