বাঁশখালীতে বন বিভাগের জায়গায় চিংড়ি ঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীতে উপকূলীয় বন বিভাগের জায়গায় চিংড়িঘের তৈরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বন কর্মকর্তা বাদী হয়ে থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে, মামলার এক নম্বর আসামি মৌলভি দিদার গত ৩১ ডিসেম্বর আদালত থেকে জামিনে এসে বনপ্রহরী তোফাজ্জল হোসেনকে নাজেহাল করেছেন। এ ব্যাপারে আরও একটি ডায়েরি করা হয়েছে থানায়।মামলা ও বন বিভাগ সূত্রে জানা যায়, বাঁশখালী উপকূলীয় বন বিভাগের অধীন চুনতি রেঞ্জের বাহারছড়া এলাকার জলকদর খালসংলগ্ন এলাকায় স্থানীয় কয়েক ব্যক্তি বাগানের চারাগাছ উপড়ে ফেলে সেখানে চিংড়িঘের তৈরি করেছে। এতে ৬০ হাজার টাকা দামের এক হাজার তিনটি চারাগাছ নষ্ট হয়। বন বিভাগ ২০০৯ সালে বাগানটি তৈরি করে। মামলার বাদী চুনতি বিট কর্মকর্তা হাবিবুর রহমান ফারুকী জানান, ৩০-৩৫ দুর্বৃত্ত গাছ কেটে দুই হাজার ১৬০ ফুট লম্বা রিং বাঁধ নির্মাণ করে। এ ব্যাপারে মৌলভি দিদার, মো. বেলাল, মো. সেলিমসহ নয়জনকে আসামি করে মামলা হয়েছে। বিটের বনপ্রহরী তোফাজ্জল হোসেন জানান, আসামিরা মুঠোফোনে তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। এতে দেলোয়ারসহ ছয়জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল করিম জানান, বন বিভাগের জায়গায় চিংড়িঘের তৈরি মামলার আসামি মৌলভি দিদারকে আটক করে জেলে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে, গত ৩১ ডিসেম্বর মৌলভি দিদার জেল থেকে জামিনে এসে তাঁর সঙ্গীদের নিয়ে বনপ্রহরী মোফাজ্জল হোসেনকে নাজেহাল করেছেন। এ ব্যাপারে তোফাজ্জল বাদী হয়ে আরও একটি ডায়েরি করেছেন। মৌলভি দিদার বলেন, ‘জায়গাটি আমাদের পূর্বপুরুষের। পৈতৃক সূত্রে আমরা মালিক। বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকার জায়গাটি দখল করলে বন বিভাগ সেখানে গাছ লাগায়। কিছু খালি জায়গায় আমরা মাছচাষ করতে গেলে বন বিভাগ মামলা করে।’