বাঁশখালীতে বেড়িবাঁধ ভেঙে উপকূলের ৫ ইউনিয়ন প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে খানখানাবাদ, কাথরিয়া, শেখেরখীল, ছনুয়া, গণ্ডামারা ও বড়ঘোনাসহ পাঁচ ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বেড়িবাঁধের কমপক্ষে ২০-২৫টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় উপকূলের পাঁচ শতাধিক একর জমির ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে অর্ধ শতাধিক চিংড়িঘেরের মাছ। গত বৃহস্পতিবার রাত এবং শুক্রবার দিনে জোয়ারে বাঁশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে স্থানীয় কৃষক ও মৎস্যচাষিদের চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান শুক্রবার বিকেলে উপকূলীয় এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির ব্যাপারে জেলা প্রশাসককে অবহিত করেন। খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সিরাজুল মোস্তফা চৌধুরী জানান, অমাবস্যার জোয়ার এবং বেড়িবাঁধ ভেঙে সাগরের পানি বেড়ে যাওয়ায় খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া, কদমরসুল ও কালাগাজীপাড়াসহ ১০টি গ্রাম লোনাপানিতে প্লাবিত হয়েছে। জোয়ারে তাঁর ইউনিয়নে চিংড়িঘের ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া, মৌলভীবাজার ও ফাঁড়ির মুখ এলাকায় বেড়িবাঁধ ভেঙে ছয়টি গ্রাম লোনাপানিতে প্লাবিত হয়েছে। এলাকায় তিন শতাধিক একর জমির ফসল এবং ২০টির মতো চিংড়িঘের তলিয়ে গেছে। তিনি জানান, এতে ইউনিয়নের ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গণ্ডামারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনুদ্দীন মো. জাবের ও চিংড়িচাষি শাহাদত ইউসুফ চৌধুরী জানান, খাটখালী ও মধুখালী এলাকায় বেড়িবাঁধ ভেঙে গণ্ডামারা ও বড়ঘোনা এলাকায় কয়েক শ একর জমির ফসল নষ্ট হয়েছে। তলিয়ে গেছে পুকুর ও ঘেরের মাছ। সরল ইউনিয়নের চিংড়িঘেরের মালিক শহিদুল ইসলাম জানান, সরলে বেড়িবাঁধ ভেঙে লোনাপানি ঢুকে বিসিকঘোনা, বারজনিঘোনা, নতুনঘোনা ও সমিতিঘোনাসহ ১০টি চিংড়িঘেরের ৩০ লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে। জোয়ারে গ্রামগুলোতে লোনাপানি ঢোকায় ফসল ও চিংড়িঘেরের ক্ষতি হওয়ায় শত শত কৃষকের মাথায় আকাশ ভেঙে পড়েছে। ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী জানান, ছনুয়া ও খুদুকখালী এলাকায় ১৫-২০টি চিংড়িঘের জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ভাদালিয়া এলাকার চিংড়িচাষি আনসুর আলী জানান, ছনুয়া ও সরলে তাঁর ১২টি ঘের পানিতে তলিয়ে গেছে। তিনি জানান, এতে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।সরেজমিনে শুক্রবার ছনুয়া, শেখেরখীল, বড়ঘোনা, গণ্ডামারা ও খানখানাবাদ এলাকায় দেখা যায়, উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে এবং অনেক জায়গায় বেড়িবাঁধ গড়িয়ে গ্রামগুলোতে জোয়ারের পানি ঢুকেছে। চার দিন ধরে ভারী বর্ষণ অব্যাহত থাকায় উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লোকজন এখন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন জানান, উপকূলীয় ইউনিয়নগুলো পরিদর্শন করে পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তা ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা চাওয়া হয়েছে বলে জানান তিনি।