বাঁশখালীতে ভালো করেছে নজির আহমদ কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীতে এইচএসসি পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আলাওল ডিগ্রি কলেজের ৪৫ জন কারিগরি শিক্ষার্থীসহ ৭৮৬ জনের মধ্যে পাস করেছেন ৫৮৩ জন। জিপিএ-৫ পেয়েছেন তিনজন—বাঁশখালী উপকূলীয় কলেজের বাণিজ্য বিভাগের শাহেদ হোছাইন চৌধুরী, মাস্টার নজির আহমদ কলেজের মানবিক বিভাগের মিজানুল কবির ও বাঁশখালী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের জান্নাতুল ফেরদৌস। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, পুরোনো কলেজগুলোর তুলনায় নতুন প্রতিষ্ঠিত মাস্টার নজির আহমদ কলেজ ভালো করেছে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ কলেজের ৯৮ জন পরীক্ষার্থী এবারই প্রথম এইচএসসি পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাস করেছেন ৮০ জন। পাসের হার ৮১ দশমিক ৬৩। পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজে ৭৯ জনের মধ্যে পাস করেছেন ৫৩ জন। পাসের হার ৬৭ দশমিক ০৮। বাঁশখালী ডিগ্রি কলেজ ২৯৭ জনের মধ্যে পাস করেছেন ১৯৩ জন। পাসের হার ৬৪ দশমিক ৯৮। আলাওল ডিগ্রি কলেজে ২৬৭ জনের মধ্যে পাস করেছেন ১৫৭ জন। পাসের হার ৫৯। একই কলেজে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ৪৫ জন। পাস করেছেন ৩৬ জন। পাসের হার ৮০। ফলাফল সম্পর্কে আলাওল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস বলেন, ‘আমরা বিভিন্ন মহলের চাপ ও অনুরোধ রক্ষা করতে গিয়ে কিছু অযোগ্য শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দিয়েছিলাম। ফলে আশানুরূপ ফল পাওয়া যায়নি। ভবিষ্যতে বিষয়টি মনে রাখা হবে।’ মাস্টার নজির আহমদ কলেজের অধ্যক্ষ শামসুদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের একাগ্রতার কারণেই ফল ভালো হয়েছে। নতুন এ কলেজে প্রথমবারের এ ফলাফল শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।’ পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের জিপিএ-৫ পাওয়া শাহেদ হোছাইন চৌধুরী অনুভূতি জানিয়ে বলেন, কলেজের শিক্ষকদের আন্তরিকতার পাশাপাশি অধ্যাপক সুমন সেনের সহযোগিতায় তাঁর এ ফলাফল। তিনি নিয়মিত ছয় ঘণ্টা লেখাপড়া করেছেন।