বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে সাতজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদের মধ্যে ছয়টি পদই শূন্য। শূন্য উচ্চমান ও নিম্নমান সহকারী এবং পিয়নের পদও। এতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষা কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষকের অভাবে পড়ালেখায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা।
শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সাতজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। এর মধ্যে আছেন একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও একজন সহকারী শিক্ষা কর্মকর্তা। শিক্ষকদের বেতন, ছুটি, বিদ্যালয় পরিদর্শনসহ নানা দাপ্তরিক কাজ সামাল দিতে তাঁদের হিমশিম খেতে হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একসঙ্গে দু-তিন জনের বেশি কর্মকর্তা এখানে থাকেন না। নতুন কেউ এলেও তিনি কয়েক মাসের মধ্যে বদলি হয়ে অন্যত্র চলে যান।
এদিকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-সংকটও প্রকট হয়ে উঠেছে। উপজেলায় ১৫৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪৩টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে গত বছর। সব বিদ্যালয় মিলে শিক্ষার্থী রয়েছে ৬৫ হাজার ৫৫১ জন। এসব শিক্ষার্থীর জন্য এক হাজার ৪৫ জন শিক্ষক-শিক্ষিকা থাকার কথা থাকলেও আছেন ৯৬৩ জন। এদের মধ্যে প্রধান শিক্ষকের ১৬টি এবং সহকারী শিক্ষকের ৬৬টি পদ শূন্য।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, শিক্ষার্থীর তুলনায় শিক্ষক কম থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদান কিংবা শিক্ষার অগ্রগতি পর্যালোচনা সম্ভব হয় না। এতে শিক্ষার্থীরা পড়ালেখায় পিছিয়ে পড়ছে।
উত্তর বড়ঘোনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল বশর জেহাদী বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ৩৩৬ জন শিক্ষার্থীর জন্য সাতজন শিক্ষক প্রয়োজন। কিন্তু আছেন মাত্র দুজন। দুজন শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পড়ালেখাসহ বিদ্যালয় চালানো কষ্টকর। আমরা তিন ঘণ্টা করে দুই দফায় ক্লাস নিয়ে কোনো রকমে সামাল দিচ্ছি।’ দক্ষিণ বড়ঘোনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোরশেদুল আলম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ৩০৭ জন শিক্ষার্থীর জন্য পাঁচজন শিক্ষক প্রয়োজন। কিন্তু আছেন মাত্র দুজন। এর মধ্যে একজনের অন্যত্র চাকরি হওয়ায় কয়েক দিনের মধ্যে তিনিও চলে যাবেন। এ অবস্থায় আমার কী অবস্থা হবে বুঝতে পারছি না।’ জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুবারক আকতার বলেন, কর্মকর্তা ও শিক্ষকসংকটের কারণে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।