বাঁশখালীতে ১৪ মাস ধরে সহকারী কমিশনার নেই
চট্টগ্রামের বাঁশখালীতে ১৪ মাস ধরে সহকারী কমিশনারের (ভূমি) পদটি শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় স্থানীয় জনসাধারণকে ভূমিসংক্রান্ত সব কাজে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রশাসনিক কাজেও স্থবিরতা নেমে এসেছে। এদিকে, ভূমি কার্যালয়ের জরাজীর্ণ অবস্থার কারণে মূল্যবান নথিপত্র নষ্ট হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতে ভেতরে পানি ঢোকে। ফলে কর্মকর্তারা কাজ করতে পারেন না। ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩ জানুয়ারি বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম চকরিয়া উপজেলায় বদলি হন। এরপর ১৪ মাস পেরোলেও বাঁশখালীতে এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বাঁশখালীর প্রায় আট লাখ মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। বাঁশখালী ইউনিয়নভিত্তিক ভূমি সহকারী চন্দন দাশ জানান, দীর্ঘদিন ধরে ভূমি কর্মকর্তা না থাকায় তাঁদের কাজে ব্যাঘাত ঘটছে। এলাকার ভূমিসংক্রান্ত ভুক্তভোগী ফজল আহমদ জানান, ভূমি কর্মকর্তা না থাকায় আমার একটি নামজারি খতিয়ানের জন্য তিন মাস ধরে ঘুরছি। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাঁশখালীতে ভূমি কর্মকর্তা না থাকলেও ওই পদে আমি খুব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। কোনো ব্যক্তি যাতে ভূমিসংক্রান্ত বিষয়ে কষ্ট না পায় সে ব্যাপারে আমি সজাগ রয়েছি।’