বাঁশখালীতে ৮৫ প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হয়নি
বাঁশখালীতে ১১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৫টিতে স্বাধীনতা দিবস পালিত হয়নি। অনেক বিদ্যালয়ে জাতীয় পতাকা পর্যন্ত উত্তোলন করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন ও অভিভাবকেরা। সরেজমিন ঘুরে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছনুয়া ইউনিয়নের আটটি, গণ্ডামারায় ছয়টি, সরলে চারটি, কাথরিয়ায় ছয়টি, কালীপুরে ছয়টি, সাধনপুরে সাতটি, পুকুরিয়ায় পাঁচটি, জলদীতে একটি, পুঁইছড়িতে ছয়টি, খানখানাবাদে ১০টি, বাহারছড়ায় ১২টি, চাম্বলে চারটি, শেখেরখীলে চারটি, বৈলছড়িতে তিনটি ও শীলকূপের তিনটিতে স্বাধীনতা দিবস পালিত হয়নি। পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা এক ছাত্রীর অভিভাবক জসিম উদ্দিন বলেন, ‘স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যদি বিদ্যালয়ে পালন করা না হয় তাহলে নতুন প্রজন্ম ইতিহাস থেকে দূরে সরে যাবে। তারা সঠিক ইতিহাস জানবে না।’ স্বাধীনতা দিবস পালন না করা প্রসঙ্গে পূর্ব গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল খালেক চৌধুরী বলেন, ‘গত পাঁচ বছরে এ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হয়নি।’ সরলের কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকে আজম বলেন, ‘পারিবারিক কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠান পালন করতে না পারলেও জাতীয় পতাকা উত্তোলন করেছি।’ মধ্যম গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আলমগীর বলেন, ‘আমাদের স্কুলসহ গণ্ডামারায় বেশ কয়েকটি স্কুলে স্বাধীনতা দিবস পালিত হয়নি।’ খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিরাজুল মোস্তফা বলেন, ‘আমার ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয়েও স্বাধীনতা দিবস পালিত হয়নি। ’উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস বলেন, ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালনের জন্য জানানো হয়েছে। এরপরও কেন পালিত হয়নি তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ‘যে সব প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হয়নি কিংবা জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি সে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’