ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার অভিযোগ
বাঁশখালীর নবনির্বাচিত চেয়ারম্যান আকতার তিন ভাইসহ জেলে
বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আকতার হোসাইন মনে করেছিলেন তিনি হেরে যাবেন। কিন্তু চূড়ান্ত ভোট গণনায় দেখা গেল, মাত্র ৬০ ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। কিন্তু বিজয়-উৎসব করার আগেই গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ আকতার ও তাঁর তিন ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের জেলে পাঠানো হয়। তিন ভাই হলেন—গিয়াস উদ্দিন, রফিক উদ্দিন ও সালাউদ্দিন। পুলিশ সূত্র জানায়, সমর্থকেরা ঝামেলা পাকাতে পারে—এ আশঙ্কায় গ্রেপ্তার হওয়া ওই চার ভাইকে রাতের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় বাঁশখালী থানা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নগরের পাঁচলাইশ থানায়। গতকাল বুধবার দুপুরে বাঁশখালীর বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আকতার ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, নিজ প্রার্থী হেরে যাওয়ার আশঙ্কা থেকে তাঁরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালান নির্বাচনী কর্মকর্তাদের ওপর। পূর্ব পুকুরিয়া কেন্দ্র অবরোধ করে তাঁরা নির্বাচনী কর্মকর্তাদের কেন্দ্র ত্যাগে বাধা দেন। সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই অবরুদ্ধ দশা। পরে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য এসে তাঁদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে উত্তেজিত জনতার হামলায় আহত হন কেন্দ্রে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন। তাঁর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। মাথা ফেটে যায়। তাঁকে দ্রুত নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে মঙ্গলবার রাতেই মামলা হয় বাঁশখালী থানায়। এই মামলায় প্রধান আসামি হন আকতার হোসাইন। এ প্রসঙ্গে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক মিয়া প্রথম আলোকে বলেন, ‘আকতার ও তাঁর ভাইদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা এবং পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ কারণে অপর তিন ভাইসহ আকতারকে গ্রেপ্তার করা হয়েছে।