বাঁশখালীর নারীরাও করছেন মাদকের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীতে দীর্ঘদিন ধরে মাদকের অবাধ বেচাকেনা চলছে। পুরুষের চেয়ে নারীরাই এগিয়ে রয়েছে মাদকের ব্যবসায়। নেশায় ডুবে বিপথগামী হচ্ছে যুবসমাজ। চুরি-ডাকাতি, ছিনতাই, খুনসহ মারাত্মক সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। গত বছরের ৩ জুন রাতে পৌর শহরে মদপান করে মাতলামি করা কয়েকজন যুবকের হাতে খুন হন মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষক মাখনলাল ভট্টাচার্য। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় মাতাল ছয় যুবক—রুনু আচার্য (৩০), কিশোর ভট্টাচার্য (২৬), নারায়ণ চক্রবর্তী (২৮), রাখাল জলদাস (৩১), কনক কর্মকার (২৫) ও শিমুল কর্মকারকে (২৮) গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তারা জামিনে বেরিয়ে আসার পর মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত লোকজনের তৎপরতা আরও বেড়ে যায়। স্থানীয় লোকজনের অভিযোগ, যথাযথ পুলিশি নজরদারির অভাব, প্রশাসনের নির্লিপ্ততা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিষ্ক্রিয়তায় পুরো বাঁশখালী এখন মাদক বেচাকেনার হাটে পরিণত হয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, একশ্রেণীর চিহ্নিত ব্যবসায়ী বঙ্গোপসাগরের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেল ও খাটখালী চ্যানেল দিয়ে মিয়ানমার ও ভারত থেকে হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা, প্যাথেড্রিনসহ বিভিন্ন জাতের মাদকদ্রব্য নিয়ে আসে। বর্তমানে উপজেলার চাম্বল, বৈলছড়ি, গুনাগরী, সাধনপুর, পুকুরিয়া, নাপোড়া, শেখেরখীল, পুঁইছড়ি, ছনুয়া, বড়ঘোনা, খানখানাবাদ, কালীপুর, পৌর সদরের চুম্মাপাড়া, নেয়াজরপাড়া, তেলিপাড়া, লস্করপাড়া, মহাজনপাড়া, কুমারপাড়া, বিশ্বাসপাড়াসহ অর্ধশতাধিক জায়গায় জমজমাট মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সূত্র জানায়, ইদানীং পুরুষের চেয়ে নারীরাই বেশি জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসায়। সমপ্রতি পুলিশ নাপোড়া গ্রামের মিন্টু দাশের স্ত্রী সুশীলা দাশ (৩০), বানীগ্রামের দেবেন্দ্র দের স্ত্রী রানীকা বালা দে (৪৯), গুণাগরীর আনোয়ারুল আজিমের স্ত্রী পারভীন আকতার (৩০), উত্তর জলদীর আব্বাস আলীর স্ত্রী ছকিনা বেগম (৪৫), পাইরাংয়ের হাবিবুর রহমানের স্ত্রী নুরুজ্জাহান (৪০) ও পালেগ্রামের আহমদ কবিরের স্ত্রী রহিমা খাতুনসহ (৪০) বেশ কয়েকজন নারী মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ছাড়া, পৃথক অভিযানে গ্রেপ্তার ইলশার মোকতার আহমদ, উত্তর জলদীর দুলু বড়ুয়া, কাথারিয়ার বদরুজ্জামান ও পালেগ্রামের আহমদ কবিরসহ কয়েকজন মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়। অবশ্য সবাই কয়েকদিনের মধ্যে আদালত থেকে জামিনে এসে আগের মতো একই ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। বাঁশখালী পৌরসভার মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘বাঁশখালী পৌরসভাসহ উপজেলার বেশ কয়েকটি জায়গায় মাদকের রমরমা বাণিজ্য চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা বেশ কয়েকবার অভিযান চালিয়ে সংশ্লিষ্ট লোকজনকে গ্রেপ্তার এবং উদ্ধার করা মাদক ধ্বংস করলেও এ ব্যবসা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।’ তিনি মাদকের খপ্পর থেকে যুবসমাজকে বাঁচাতে পুলিশি অভিযান আরও জোরদার করার পরামর্শ দেন।গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সদস্য আহমদ ছগির বলেন, ‘খাটখালী চ্যানেল দিয়ে সাগরপথে প্রায় সময় মাদক ও নেশা জাতীয় দ্রব্য আনা হয়। খাটখালী বিট পুলিশের সহযোগিতায় এলাকাবাসী বেশ কয়েকবার বিভিন্ন রকমের মাদক উদ্ধার করে থানায় সোপর্দ করেছে।’বাঁশখালীর ছনুয়া বিট পুলিশের সুবেদার আবুল খায়ের জানান, সাগর উপকূলীয় ছনুয়া ও খাটখালী চ্যানেল দিয়ে বিভিন্ন সময়ে মাদকের চালান আসার সংবাদ পেলেও কোনো বড় চালান আটক করা যায়নি। তিনি আরও বলেন, পুলিশ সব সময় সতর্ক রয়েছে। সাগরপথ নিরাপদ মনে করে ব্যবসায়ীরা প্রায় সময় ওই পথেই মাদকের চালান আনে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান জানান, গত এক বছরে ৩১০ লিটার মদসহ ৪৫ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে থানায় ২৩টি মামলা দায়ের করেছে। তিনি বলেন, ‘অল্পসংখ্যক পুলিশ দিয়ে এত বড় উপজেলা সামাল দেওয়া মুশকিল। তারপরও আমরা মাদক নির্মূলে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ বাঁশখালী উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী মাদক ব্যবসায়ী ও মদ্যপদের তৎপরতার কথা স্বীকার করে বলেন, ‘বাঁশখালীকে মাদকমুক্ত করতে জনসাধারণকে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন। জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা আরও বেশি পাওয়া গেলে পুরো উপজেলাকে শিগগিরই মাদকমুক্ত ঘোষণা করা সম্ভব হবে।’ স্থানীয় সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বাঁশখালীকে মাদকমুক্ত উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে আমি নানাভাবে চেষ্টা চালাচ্ছি। পুলিশও গত কয়েকমাসে বেশ কিছু মাদকসহ ব্যবসায়ীকে আটক করেছে। জনসাধারণের সহযোগিতায় বাঁশখালীকে মাদকমুক্ত করা হবে।’