বাঁশখালীর ৪৫ গ্রামে বন্যা
বাঁশখালী উপজেলায় গত চার দিনের পাহাড়ি ঢলে আর সামুদ্রিক জোয়ারে উপজেলার ১০ ইউনিয়নে ৪৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে এবং ১৫০ একর সবজির খেত ও বীজতলা নষ্ট হয়ে গেছে। আট হাজার মানুষ পানিবন্দী হয়েছে। উপকূলীয় এলাকা ছনুয়া ইউনিয়নের খুদুকখালী, গণ্ডামারা ইউনিয়নের খাটখালী, সরল ইউনিয়নের দক্ষিণ সরল, খানখানাবাদের প্রেমাশিয়া বাহারছড়ার ইলশার বেঁড়িবাঁধ অরক্ষিত। এ পাঁচ জায়গা দিয়ে জোয়ারের লোনাপানি লোকালয়ে প্রবেশ করে। পাহাড়ের ঢলে শীলকূপ ইউনিয়নের ইকোপার্ক এলাকার প্রধান সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার প্রধান সড়কে গত দুই দিনে শহরের সঙ্গে গাড়ি-যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বাঁশখালীর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উপকূলের পাঁচ ইউনিয়নে ১৬ কিলোমিটার বেড়িবাঁঁধ অরক্ষিত হওয়ায় পূর্ণিমার জোয়ারে ওইসব এলাকায় লোনাপানি প্রবেশ করে। এদিকে, জোয়ারের পানি ও ঢলে ১০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এগুলো হলো—সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, সরল, গণ্ডামারা, ছনুয়া, পুঁইছড়ি, শীলকূপ, শেখেরখীল ও কালীপুর। সরেজমিনে দেখা যায়, বাঁশখালীর পাহাড়ি এলাকার বিশাল সবজিখেত ও ফসলের বীজতলা নষ্ট হয়ে গেছে। পাহাড়ে বসবাসরত অনেক কাঁচা বাড়িঘর ভেঙে যাওয়ায় বহু মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। ঢলের পানিতে পাহাড়ি এলাকার তিন হাজার মানুষ পানিবন্দী রয়েছে। অন্যদিকে, উপকূলীয় এলাকায় জোয়ারের লোনাপানি প্রবেশ করে উপকূলের পাঁচটি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে।শীলকূপ ইউনিয়নের সবজিচাষি আব্দুল মোনাফ জানান, গত কয়েক দিনে ভারী বর্ষণ ও পাহাড়ের ঢলে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। গণ্ডামারা ইউনিয়নের চাষি মোহাম্মদ আছদ আলী জানান, ভারী বর্ষণ ও সাগরের লোনাপানি ঢুকে এ এলাকার বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত একটি ক্ষতিগ্রস্তের তালিকা প্রদান করেন।ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী জানান, ছনুয়ার বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের লোনাপানি ও ভারী বর্ষণে পুরো এলাকাটা এখন পানিবন্দী হয়ে আছে। বাঁশখালী পাউবোর উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, বাঁশখালী উপকূলের পাঁচটি স্পট দিয়ে লোকালয়ে লোনাপানি প্রবেশ করে। জনবল কম হওয়ায় উপকূলের প্রত্যন্ত এলাকায় পরিদর্শন করা সম্ভব নয় বলে তিনি জানান। এ ব্যাপারে তিনি একটি ক্ষতিগ্রস্তদের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জলিল মণ্ডল জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে বাঁশখালীতে ১৫০ একর সবজিখেত ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। তিনি কৃষকদের এ ক্ষয়ক্ষতির ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার হাসনাত প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিনে বাঁশখালীর ১০টি ইউনিয়নে পাহাড়ের ঢল এবং ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি পানিবন্দি এলাকাগুলো পরিদর্শন করে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়েছি।’