খবর: কুড়িগ্রামে রেললাইনের অন্তত তিন জায়গায় কাঠের স্লিপারের ওপর লোহার পাতের পরিবর্তে বাঁশের ফালি লাগানো হয়েছে। এ ছাড়া এই রেলপথের বিভিন্ন স্থানে স্লিপার নষ্ট হয়ে গেছে। ব্যবহার করা হয়েছে গাছের গুঁড়ি। ফলে ট্রেন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
(সূত্র: প্রথম আলো, ১৪ জানুয়ারি ২০১৭)
যখন বাঁশ দিয়ে ভবন নির্মিত হচ্ছে, রেললাইনে লোহার পাতের পরিবর্তে বাঁশ লাগানো হচ্ছে, তখন আমি বাঁশস্থান থেকে বলছি বললে আশা করি ভুল হবে না! বাঁশের কেরামতি এবং মেরামতি গুণ আমাদের সামনে এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে! এই প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আমরা পূর্ণ অট্টালিকা বা সম্পূর্ণ রেলগাড়িই নির্মাণ করে ফেলতে পারি বাঁশ দিয়ে! পৃথিবীর ইতিহাসে বাঁশে-বাঁশে তৈরি করতে পারি বিরল দৃষ্টান্ত!
জীবন মানেই তেলবাজি আর বাঁশবাজি! পরীক্ষায় বাঁশ খাওয়া নিয়ে ভীতি কাজ করে অনেকের মধ্যে। যদি বাঁশকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে ফেলতে পারি, তাহলে বাঁশ খাওয়াকে মনে হবে প্রীতিকর আর পাস করাকেই মনে হবে ভীতিকর! মুলি বাঁশ তখন হবে মামুলি ব্যাপার, সবাই পরীক্ষায় বড় সাইজের মাকলা বাঁশ খাওয়ার জন্য উন্মুখ থাকবে! সেই সোনালি দিনের কত দেরি, পাঞ্জেরি?
পাটিগণিতে একটি অসহায় বানরের তেলমাখা বাঁশ বেয়ে ওঠার ঘটনা বর্ণিত হলেও কবি-সাহিত্যিকেরা বাঁশকে বরাবরই উপেক্ষা করে গেছেন! যতীন্দ্রমোহন বাগচী লিখেছেন, ‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই’ এখানেও চাঁদ মুখ্য, বাঁশ গৌণ! এটি না লিখে তিনি লিখতে পারতেন, ‘চাঁদ আকাশে তারই নিচে বাঁশের বাগান ওই’! তবে ধুঁকে ধুঁকে অবমূল্যায়িত হলেও তাতে বাঁশের নেই কোনো ক্ষোভ, নেই খ্যাতির লোভ!
বাঁশের বেতের ভয়ে গাধামার্কা ছাত্রও মানুষে পরিণত হয়। সংস্কৃতির অনেক উপাদানেই আছে বাঁশের অবদান। মানুষের জ্ঞান প্রবাহের মাধ্যম কাগজ তৈরিতেও লাগে বাঁশ। যে বাঁশির সুরে আমাদের মাথা ঘুরে যায়, সে যে ডাকাতিয়া ‘বাঁশ’-ই! বাঁশ এত উপকারী হলেও তার মধ্যে নেই বিন্দুমাত্র অহংকার!
পরিবেশবান্ধব উন্নয়নের শোরগোল দুনিয়াজুড়ে। পরিবেশের ক্ষতি না করতে চাইলে লোহালক্কড় ঝেড়েঝুড়ে বাঁশ-কাঠ দিয়েই তৈরি করা উচিত আমাদের বস্ত্র, বাসস্থান, যানবাহন থেকে শুরু করে জীবনের সাতকাহন! সুতরাং যে ব্যক্তিরা বাঁশ ব্যবহার করছেন ভবন নির্মাণে বা ট্রেনের লাইনে, তাঁদের ব্রেনের তারিফ না করে পারছি না! তাঁদের জন্য নোবেলও কম হয়ে যায়! দেশবাসীর পক্ষ থেকে তাঁদের আমরা দিতে পারি ‘সুপার বাঁশ’!