বাঁশির কান্না
‘বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি’—মিষ্টি গানের এই বাঁশিই যে কখনো ডাকাতের চেয়ে ভয়ংকর হয়, তারই বাস্তব কাহিনি। ঘটনাটি ’৯৩ সালে অষ্টম শ্রেণীতে পড়ার সময়। আমার ছোট ভাই প্রথম হাঁটা শিখলে তাকে তিন চাকার একটি সাইকেল কিনে দিই। সেই সাইকেলের হ্যান্ডেলে যুক্ত ছিল একটি বাঁশি। বাঁশিটির টিউবে চাপ দিলে পু-পু শব্দ হতো। সাইকেল আনার পর বাড়ির সব শিশুর ধাক্কাধাক্কির যন্ত্রণায় মাস তিনেকের মধ্যেই তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে স্থান হলো পরিত্যক্ত কোনো জায়গায়। সর্বশেষ চানাচুর ও লবণের বিনিময়ে ভাঙারির ঝুড়িতে। তার আগেই তা খুলে আমার সংগ্রহে রেখেছিলাম। একদিন বাঁশিটি বাজাচ্ছিলাম। শব্দ অবিকল ছোট বাচ্চা কিংবা বড় মানুষের কান্নার শব্দের মতোই। তখন আমি নিজেই বুদ্ধি করলাম, এই বাঁশির সুর দিয়ে মজার একটি কিছু করব। তখন শ্রাবণ-ভাদ্র মাস, রাতের আকাশে মেঘ-বৃষ্টির লুকোচুরি। এরই মধ্যে একদিন রাতে বাড়ির সামনের পাকা রাস্তায় আমি করুণ সুরে বাঁশিটি বাজাই। পরদিন সকালে শুনি, আশপাশের সব বাড়িতে কানাঘুষা চলছে যে এত রাতে কিসে কান্নাকাটি করল। এরপর আমার বড় এক কাজিনকে ঘটনাটি বললে সে-ও অতিগোপনীয়তায় এ সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা করে। তখন বাড়ির পাশের ধান-পাটের জমিতে বর্ষার হাঁটুপানি। সেই পানিতে গ্রামের অনেকেই নিষিদ্ধ কারেন্ট জাল পেতে মাছ ধরে। এ জাল আগের দিন সন্ধ্যায় পেতে রাখে, পরদিন খুব সকালে উঠিয়ে নিয়ে যায়। আবার অনেকেই ভোরে বের হয় ভাদ্র মাসের পাকা তাল কুড়াতে। আমরা দুজন ভাবলাম, কান্নার ভয় দেখিয়ে কাউকে ঠেকানো যায় কি না। আমাদের উদ্দেশ্য সফল করতে দু-একদিন পরপর গভীর রাতে গ্রামের কবরস্থান, বাঁশঝাড় বা জঙ্গলের কাছে দাঁড়িয়ে বাঁশিতে কান্নার সুর তুলতাম। মহল্লার বাসিন্দাদের মধ্যে ভূত-পেত্নির আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাতের আঁধারে মাছ ধরার জাল ফেলতে কিংবা পাকা তাল কুড়াতে যাওয়া অনেকেই বন্ধ করে দিল। রাতে অনেকেই আত্মরক্ষার জন্য ম্যাচ, দা-বঁটি, লাঠিসহ বিভিন্ন অস্ত্র হাতের কাছে রাখল। এগুলো দেখে আমরাও দুষ্টুমির মাত্রা একধাপ বাড়িয়ে দু-একদিন পরপর মধ্যরাতে গভীর জঙ্গল বা কবরস্থানের কাছে বাঁশির কান্না করতাম। কিন্তু বিপত্তি ঘটল একদিন। আমাদের মহল্লায় রয়েছে একটি মাদ্রাসা ও প্রাইমারি স্কুল। মাদ্রাসার বোর্ডিংয়ে আবাসিক ছাত্র ও শিক্ষক থাকেন। একদিন মধ্যরাতে আমরা দুজন মিলে স্কুলের মাঠে দাঁড়িয়ে যেই বাঁশিতে ফুঁ দিয়েছি, মুহূর্তেই বোর্ডিং থেকে ছাত্ররা তাদের অস্ত্রপাতিসহ হই-হুল্লোড় করে দলবেঁধে বের হয়ে আসে। আমরা দুজন উপায়ন্তর না দেখে দৌড়ে স্কুলের ভেতর ঢুকে টেবিলের নিচে পিঠ ঠেকিয়ে খোদাকে ডাকতে লাগলাম। যাহোক কিছুক্ষণ তারা এদিক-সেদিক খোঁজাখুঁজি করে আবার বোর্ডিংয়ে ফিরে গেল। ভাগ্যিস তাদের কেউ স্কুলঘরে ঢোকেনি। আমরাও হাঁফ ছেড়ে বাঁচলাম। এখনো ওই ঘটনার কথা মনে পড়লে ভাবি, সেদিন ছাত্ররা অন্ধকারের মধ্যে আমাদের ধরতে পারলে ভূত ভেবে দুজনকে মোটামুটি...। সেই থেকে আর বাঁশি বাজাইনি। অপরাধ বোধটা এখনো মনের মধ্যে আছে। মো. সাঈদ হোসেনধানমন্ডি, ঢাকা