বাঁশের চিকে নান্দনিকতা
ইট-কাঠের শহরে ঝুলবারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশ দেখতে মন চায়। তবে সব সময় খোলা আকাশ আর আলো নিশ্চয়ই ভালো লাগবে না। আলো থেকে বাঁচতে ঝুলবারান্দায় যদি একটা পর্দা টেনে দেওয়া হয়, তাহলে এর সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যাবে। পর্দার পরিবর্তে সূর্যের আলো আর বাইরের ধুলাবালি থেকে রক্ষা পেতে ব্যবহার করা যেতে পারে বাঁশের চিক। অর্থাৎ, বাঁশ দিয়ে তৈরি পর্দা, যা প্রয়োজনমাফিক পেঁচিয়ে ওপরে তুলে রাখা যায়, আবার সূর্যের আলো সহ্য না হলে নামিয়ে দেওয়া যেতে পারে। ইনটেরিয়র ডিজাইন হাউস ‘অন্দর সজ্জা’র প্রধান নির্বাহী ও ডিজাইনার রুমানা আফজাল খান বলেন, বাঁশ কিংবা মাদুরের তৈরি চিকের ব্যবহার একটা সময় গ্রামাঞ্চলের মানুষ করত কেবল প্রয়োজনে এবং খরচ বাঁচাতে। তবে সময় বদলের সঙ্গে সঙ্গে এই চিক হয়ে গেছে ঘর সাজানোর নান্দনিক উপকরণ। তবে ঝুলবারান্দা কিংবা জানালায় চিক ঝোলালেই হবে না, বরং চিকের সঙ্গে আনুষঙ্গিক উপকরণ এবং চিক ব্যবহারের কিছু নিয়ম মেনে চলতে হবে।ঝুলবারান্দা যদি পুরোটা খোলা হয়, সে ক্ষেত্রে কেউ চাইলে পুরোটাই চিক দিয়ে ঢেকে দিতে পারেন। অর্থাৎ, ওপর থেকে নিচ পর্যন্ত আগাগোড়া চিকে ঢাকা। আবার অর্ধেকটা চিক দিয়ে ঢাকতে পারেন। এতে ঝুলবারান্দার নিচের অংশ খোলা থাকে। অনেকের ঝুলবারান্দায় আবার অর্ধেকটা দেয়াল দেওয়া, সে ক্ষেত্রে ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত চিক না দিয়ে বরং দেয়াল পর্যন্ত দেওয়া ভালো। ওপর থেকে ঝোলানো চিক মেলে রাখলে কিংবা পেঁচিয়ে রাখলেও ভালো দেখায়। ঝুলবারান্দার পাশে মাটির পাত্রে মানিপ্ল্যান্ট কিংবা অন্য কোনো লতাজাতীয় গাছ পেঁচিয়ে দেওয়া যেতে পারে। মাটির টবে রাখতে পারেন পাতাবাহার-জাতীয় কোনো গাছ। বসার জন্য বেত, দড়ি ও বাঁশের কোনো নিচু মোড়া রাখা যেতে পারে। মেঝেতে শতরঞ্জি বিছিয়ে এর ওপর রাখা যেতে পারে বিভিন্ন আকারের বেশ কয়েকটি কুশন। আর খাবার পরিবেশনের জন্য রাখতে পারেন বেত অথবা গাছের গুঁড়ির তৈরি নিচু কোনো টেবিল।শোবার ঘরের জানালায় চিক ঝোলাতে চাইলে এর পাশে সবুজ যেকোনো গাছ রাখলে ভালো দেখাবে। ধুলাবালি ও রোদ— দুই থেকেই রক্ষা পাওয়া যাবে। আবার চিকের ফাঁক দিয়ে যে বাতাস ঢুকবে, তা ঘরের ভেতরটা রাখবে ঠান্ডা। তবে কেবল চিক ব্যবহার করলেই হবে না, নিয়মিত কাপড় দিয়ে মুছে পরিষ্কার করার কথাও বলেন তিনি। মোটকথা, চিকের সঙ্গে সবকিছু মিল রেখে ব্যবহার করলে তবেই ভেতরটা দেখাবে অনেক বেশি নান্দনিক।