বাঁশের সাঁকোর কষ্ট ডুমখালীর বাসিন্দাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো। প্রতিদিন ঝুঁকি নিয়ে এভাবে সাঁকো পার হয় পূর্ব ডুমখালী গ্রামের বাসিন্দারা l প্রথম আলো
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো। প্রতিদিন ঝুঁকি নিয়ে এভাবে সাঁকো পার হয় পূর্ব ডুমখালী গ্রামের বাসিন্দারা l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোই যাতায়াতের একমাত্র ভরসা পূর্ব ডুমখালী গ্রামের সাড়ে তিন শ পরিবারের। বর্ষায় সাঁকো পারাপারের সময় প্রতিবছরই দুর্ঘটনা ঘটে। সাঁকো পার হতে গিয়ে অনেকেই খালে পড়ে যায় পা পিছলে।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে পূর্ব ডুমখালী গ্রামের সংযোগ স্থাপন করেছে কাটাখালী খালের ওপর নির্মিত বাঁশের এই সাঁকো। পূর্ব ডুমখালী গ্রামের পাশে মালুমঘাট আইডিয়াল হাইস্কুল, মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান উচ্চবিদ্যালয়, মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুলাহাজারা বহুমুখী উচ্চবিদ্যালয়, ডুলাহাজারা বালিকা উচ্চবিদ্যালয়, ডুলাহাজারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া সিনিয়র মাদ্রাসা, ডুলাহাজারা কলেজ ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়ে যাতায়াত করে। এ ছাড়া ডুলাহাজারা ও মালুমঘাট বাজারে যেতে হলেও ডুমখালীর বাসিন্দাদের এই সাঁকো পার হয়ে চলাচল করতে হয়।
পূর্ব ডুমখালী গ্রামের বাসিন্দা শামশুল আলম (৪৫) বলেন, ‘বাঁশের সাঁকোটি এলাকাবাসীর চাঁদায় তৈরি হয়। প্রতি বর্ষায় সাঁকোটি পাহাড়ি ঢলে ভেঙে যায়। এরপর আবারও নির্মাণ করা হয়। ২০ বছর ধরে সাঁকোর স্থলে সেতু নির্মাণের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি।’
মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান ও ডুলাহাজারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবু হায়াত বলে, ‘প্রতিবছর বর্ষার সময় পা পিছলে ও বাঁশ ভেঙে গিয়ে অনেক শিক্ষার্থী খালে পড়ে যায়। সাঁকো পার হতে গিয়ে তাই বুক কাঁপে। তারপরও জীবন হাতে নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে। পাহাড়ি ঢলে সাঁকো ভেসে গেলে বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়।’
কামরুন্নাহার বেগম নামের গ্রামের এক গৃহবধূ বলেন, ‘গুরুতর অসুস্থ রোগী ও গর্ভবতী নারীকে নিয়ে সাঁকো পার হতে অনেক কষ্ট হয়। বাঁশের সাঁকোটির কারণে পূর্ব ডুমখালী গ্রামে রিকশা থেকে শুরু করে কোনো যানবাহন যেতে পারে না। চরম কষ্টে আছে এলাকার মানুষ।’
পূর্ব ডুমখালী গ্রামের বাসিন্দাদের আশা, পাকা সেতু না হলেও অন্তত একটি টেকসই কাঠের সেতু নির্মিত হলে লোকজন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে।
জানতে চাইলে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘পূর্ব ডুমখালী গ্রামে জনবসতি বাড়ছে। কাটাখালী খাল দিয়ে বর্ষার সময় পাহাড়ি ঢলের পানি নামে। সেখানে কাঠের সেতু দিলে কত দিন স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে কথা বলে সেখানে একটি পাকা সেতু করা যায় কি না দেখতে হবে।’
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের চকরিয়া উপজেলা প্রকৌশলী আমিন উল্লাহ বলেন, সরকারি অনুদানে সেতু বানাতে হলে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন করতে হবে। এরপরও সাঁকোটির বিষয়ে খোঁজ নেওয়া হবে।