বাঁশের সাঁকোয় ৩৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোয়ালখালীর বুড়াকালী মন্দির এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের  সাঁকো l প্রথম আলো
বোয়ালখালীর বুড়াকালী মন্দির এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো l প্রথম আলো

দেশ স্বাধীন হওয়ার আগে বোয়ালখালীর হারগেজি খালের ওপর পাকা সেতু ছিল। তবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সেতুটি ভেঙে ফেলা হয় স্বাধীনতার কিছুদিন পরই। কিন্তু এরপর আর সেতুটি নির্মাণ করা হয়নি। ৩৫ বছর ধরে বাঁশের সাঁকো দিয়েই খাল পারাপার করছে এলাকার মানুষজন।
পটিয়া-বোয়ালখালী সড়কের বুড়াকালী মন্দিরের কাছেই সাঁকোটির অবস্থান। এলাকার প্রায় ৫০ হাজার মানুষ এই সাঁকো দিয়ে চলাচলে বাধ্য হচ্ছে।
বুড়াকালী মন্দিরের সেবায়েত ও আশপাশের মানুষজন জানান, বাঁশের সাঁকোটি জীর্ণ হয়ে পড়লে নতুন করে তৈরি করতে হয়। স্থানীয় লোকজনের সহায়তায় বুড়াকালী বাড়ির সেবায়েতের তত্ত্বাবধানে সাঁকোটি সংস্কারের কাজ করা হয়।
সরেজমিনে দেখা যায়, নড়বড়ে বাঁশের সেতু দিয়ে এপার–ওপার করছে স্থানীয় লোকজন। সেতু পার হওয়া করলডেঙ্গা গ্রামের বৃদ্ধ মৃদুল সর্দার (৬০) বলেন, ৩৫ বছর ধরে বাঁশের সাঁকোটি দেখে আসছি। খালের ওপর সেতু না থাকায় এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হচ্ছে না।
পটিয়ার ধলঘাট বুড়াকালী বাড়ির সেরায়েত সাগর চক্রবর্তী বলেন, চার শ বছরের ঐতিহ্যবাহী বুড়াকালী মন্দিরে প্রত্যন্ত অঞ্চল থেকে সনাতন ধর্মাবম্বলীরা পূজা দিতে আসেন। বিশেষ করে প্রতি শনি, মঙ্গলবার ও সরকারি বন্ধের দিনে এখানে বেশি লোকজনের সমাগম ঘটে।
তা ছাড়া প্রতিবছর শ্যামাপূজার সময় হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে। সেতু না থাকায় এসব পুণ্যার্থীর কষ্ট বাড়ছে।
করলডেঙ্গা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘বোয়ালখালীর সাংসদ মাঈনুদ্দিন খান বাদলসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে এ সেতুটি করার জন্য অনেকবার বলেছি। কিন্তু কেউ কথা শুনছেন না।’
বোয়ালখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুজিত মজুমদার বলেন, খালের ওপর সেতু তৈরির জন্য এখনো কেউ লিখিতভাবে অনুরোধ জানায়নি। তেমন অনুরোধ এলে বিবেচনা করা হবে।