বাঁশের সাঁকোই ভরসা
খাল পারাপারে কয়েকটি বাঁশের সাঁকোই তাঁদের ভরসা। এলাকাবাসী নিজ উদ্যোগে, নিজ খরচে তৈরি করেছেন এসব সাঁকো। মাঝেমধ্যে প্রবল বৃষ্টি হলে বন্যার পানির তোড়ে সাঁকো ভেসেও যায়। সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের চিত্র এটি।এলাকাবাসীর অভিযোগ, নলুয়া ইউনিয়নে প্রয়োজনীয় রাস্তা, সেতু ও কালভার্ট নির্মিত হয়নি। খাল পারাপারের ব্যবস্থা গ্রামবাসী নিজ উদ্যোগেই করেছে। ইউনিয়নের নয়াখালের ওপর পারাপারের জন্য মোট চারটি বাঁশের সাঁকো রয়েছে, যা এলাকাবাসী নিজ খরচে নির্মাণ করেছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাটিয়াডেঙ্গা, মরিচ্যাপাড়া, পূর্ব গাটিয়াডেঙ্গা উচ্চবিদ্যালয় ও হদেরকুল এলাকায় নয়াখালের ওপর মোট চারটি সাঁকো নির্মিত হয়েছে। এর মধ্যে গাটিয়াডেঙ্গা এলাকায় নয়াখালের ওপর নির্মিত সাঁকোটি সম্প্রতি বন্যার সময় প্রবল স্রোতে ভেসে গেছে।জানা গেছে, ইউনিয়নের প্রায় ১২ হাজারের বেশি মানুষ এসব সাঁকো দিয়ে যাতায়াত করেন। নলুয়া ইউনিয়নে এ ধরনের বাঁশের সাঁকোর সংখ্যা ছিল ছয়টি। বর্তমানে ইউনিয়নের মুন্সির বাড়ি ও পূর্ব গাটিয়াডেঙ্গা হাঙ্গরমুখ এ দুই জায়গায় এলাকায় বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মিত হয়েছে। তবে এ দুটি এলাকা ছাড়া ইউনিয়নের অন্যান্য এলাকার মানুষজন সাঁকো দিয়েই খাল পার হন। এতে নিত্যই দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীকে। বিশেষ করে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে।নয়াখালের দুই পারে নলুয়া রুস্তুমপাড়া, পূর্ব গাটিয়াডেঙ্গা ও হদেরকুল এলাকার দুই হাজার একরের বেশি কৃষিজমি রয়েছে। দুই পারের কৃষকদের চাষাবাদে বড় প্রতিবন্ধকতা হচ্ছে খারাপ যোগাযোগব্যবস্থা। পূর্ব গাটিয়াডেঙ্গার কৃষক রাশেদুল জানান, যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় ঠিক সময়ে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা যায় না। ষাটোর্ধ্ব কৃষক আন্নর আলীও জানালেন, বাঁশের সাঁকোর ওপর দিয়ে কৃষি সামগ্রী পারাপার করতে অসুবিধা হয়।নলুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার জানান, ‘আমার ইউনিয়নে কিছু কিছু এলাকা রয়েছে যেখানে চলাচলের একমাত্র অবলম্বন সাঁকো। জরুরিভিত্তিতে এসব এলাকায় সেতু নির্মাণ করা প্রয়োজন। এ ব্যপারে সংশ্লিষ্ট মহলের কাছে আবেদন করা হয়েছে।’ সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ প্রথম আলোকে বলেন, ‘পর্যায়ক্রমে সব স্থানে সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে দুই জায়গায় সেতু নির্মাণ করা হয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজাদ বলেন, ‘নলুয়া ইউনিয়নের বাঁশের সাঁকোর বিষয়টি আমার জানা আছে, প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে ধীরে ধীরে সাঁকোর স্থলে বক্স কালভার্ট বা সেতু নির্মাণ করা হবে।’