
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলি সড়কে কালভার্ট ধসে পড়ায় স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। গত ২৪ জানুয়ারি এ দুর্ঘটনা ঘটার পর সড়কটি পার হতে গিয়ে গর্তে পড়ে এ পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছেন।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গাছ ও বাঁশ ফেলে ভাঙা স্থান পার হচ্ছেন পথচারীরা। ওই স্থানে আনুমানিক ৬০ ফুট লম্বা গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের নিচে সাগরের জোয়ারের পানির কারণে সৃষ্টি হয়েছে ছোটখাটো খাল। ভূমি থেকে ৮ ফুট ওপরে হওয়ায় পারাপার করতে গিয়ে অনেকে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানালেন কয়েকজন পথচারী। এ সময় কথা হয় মাতারবাড়ীর শিকদারপাড়ার বাসিন্দা মো. আলমগীরের সঙ্গে। নড়বড়ে সাঁকো পার হয়ে এসে তিনি বলেন, ‘মনে হলো জান হাতে নিয়ে পার হলাম। গত কয়েক দিনে নারী-শিশুসহ ২০-২৫ জন পড়ে গিয়ে আহত হয়েছেন।’
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের লোকজন উপজেলা সদরসহ কক্সবাজার, চকরিয়া ও চট্টগ্রামে যাতায়াত করেন। সড়কটি ভেঙে যাওয়ায় চার কিলোমিটার দীর্ঘ মাতারবাড়ী-চালিয়াতলি সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গত বছর একটি চিংড়িঘেরের বাঁধ ভেঙে গলে জোয়ারের পানি ঢুকে পড়ে কালভার্টটির নিচ পর্যন্ত। এর ফলে ফাটল ধরে কালভার্টের রক্ষা দেয়ালে। ২৪ জানুয়ারি কালভার্টটি ধসে পড়ে।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন বলেন, ‘এক মাস আগে কালভার্টের সুরক্ষা দেয়াল ও সংযোগ সড়ক ভেঙে গেলে তা সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে বেশ কয়েকবার অবহিত করেছিলাম। কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে তাৎক্ষণিকভাবে কালভার্ট সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এলাকার উন্নয়নকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণের ভোগান্তির শেষ নেই।’
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশারেফ হোসেন বলেন, ‘প্রথমে কালভার্টের সুরক্ষা দেয়াল ও সংযোগ সড়ক সংস্কারের জন্য মাত্র চার লাখ টাকা বরাদ্দ পেয়েছি। কিন্তু এখন যে ভাঙার দৃশ্য দেখছি, তা ওই সামান্য টাকা দিয়ে কোনো কাজ হবে না। তাই সড়ক ও কালভার্ট সংস্কারের জন্য পুনরায় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে আবেদন করা হয়েছে।’