
স্কুল পালিয়ে দল বেঁধে মাঠে ক্রিকেট খেলতে যাই। তো, ক্রিকেট খেলতে গিয়েই তপুর সঙ্গে প্রথম পরিচয়। বাঁহাতি এই দুর্দান্ত ব্যাটসম্যান স্কুলে আমার এক ক্লাস সিনিয়র ছিল। কিছুদিন পার হওয়ার পর বুঝলাম, ক্রিকেটই তার একমাত্র ধ্যান-জ্ঞান। এক বছর পার হওয়ার পর খেয়াল করলাম, আমরা বন্ধু হয়ে গেছি। ও পরীক্ষা না দিয়ে আমাদের ক্লাসের হয়ে গেল। আমি ওকে জিজ্ঞেস করলাম, বার্ষিক পরীক্ষা না দেওয়ার কারণ কী? তপু বলল, ওই সময় কোনো একটা লিগে খেলতে গিয়েছিল। সে জন্য পরীক্ষা দিতে পারেনি। এরপর সম্পর্কটা আপনি থেকে তুমি, তুমি থেকে তুই-এ এসে ঠেকে। মনে আছে, একবার স্কুল পালিয়ে মাঠে ক্রিকেট খেলছি, কিছুক্ষণ পর হেড মিস্ট্রেস আর দুজন স্যার এসে হাজির। তাঁদের সবার হাতেই বেত। এ দৃশ্য দেখে যে যেদিকে পারি পালিয়ে গেলাম। সে সময় যারা ধরা পড়েছিল, সবাই কঠিন শাস্তির মুখোমুখি হয়েছিল।
কলেজে ওঠার পর সব দ্রুত বদলে গেল। আমাদের দেখা হতো পথেঘাটে। আমি সন্ধ্যায় আড্ডা দিতে বের হই, ঠিক ওই সময় তপু প্র্যাকটিস শেষ করে ফিরত। রিকশা থেকে ডাক দিত। তপু আমাকে সিগারেট টানতে দেখলেই হাসিমুখে বলত, ‘তুই তো মরে যাবি।’ এভাবে আর কোনো বন্ধু কখনো বলেনি। মানুষ অভ্যাসের দাস হলেও সব অভ্যাস চিরদিন থাকে না। সিগারেটের প্রতিও আমার সেই রোমান্স আর নেই। কিন্তু এখনো কাউকে সিগারেট টানতে দেখলে ওর কথা আমার কানে বাজে। তারপর এল ১৭ অক্টোবর, ২০১৩। সেদিন শুনলাম ভয়ংকর দুঃসংবাদটি। তপু নেই। পুকুরে ডুবে মারা গেছে। বিশ্বাস করতে পারিনি। বেচারা সাঁতার জানত না। খবরটা শুনে কী করব বুঝতে পারিনি। এর ভেতর তপুহীন অনেক দিন, বছর পার হয়ে গেছে। ওর মৃত্যুদিন এলেই আমার স্কুল-বন্ধুরা কেমন যেন হয়ে যায়। অথচ এ রকম তো হওয়ার কথা ছিল না। আজ যখন বাংলাদেশ ক্রিকেট দল খেলতে নামে, আমি বিচিত্র এক বিষাদে আক্রান্ত হই। কাউকে বলতে পারি না, আমাদের তপুর তো তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামার কথা ছিল।
নাজমুস সাকিব রহমান
চট্টগ্রাম।