বাংলা চ্যানেল অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনও বঙ্গোপসাগর যথেষ্ট শান্ত—‘কাম অ্যান্ড কোয়ায়েট’। কিন্তু ৯ মার্চ পাল্টে গেছে বিপুল জলরাশির চেহারা আর আচরণ। মোটামুটি জোরালো বাতাস, উত্তাল সব ঢেউ। মাঝিদের মতে, এ মৌসুমে এমন উত্তাল ঢেউ এটাই প্রথম। কাঠের বড় বড় ট্রলারের ইঞ্জিন যখন বন্ধ করা হচ্ছে, তখন ঢেউয়ের ওপর ডানে-বাঁয়ে ওঠানামা করছে কিছুটা বিপজ্জনকভাবেই। আর যখন ইঞ্জিন চালু করা হচ্ছে, তখন সামনে-পেছনে ওঠানামা করছে নৌকা। এই উত্তাল সাগরে নৌকায় থাকাই যখন কঠিন, তখন সাঁতরে সাগর পাড়ি দিচ্ছেন অভিযাত্রীরা।সাঁতারুরা যে পথ পাড়ি দিচ্ছেন বঙ্গোপসাগরে, সেটার নাম বাংলা চ্যানেল। বাংলাদেশের মূল স্থলভাগের শেষ বিন্দু টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন—এই সাড়ে ১৪ কিলোমিটার সাগরকেই বলা হচ্ছে বাংলা চ্যানেল। ২০০৪ সাল থেকে দুই-তিন বছরের চেষ্টায় চ্যালেঞ্জিং সাঁতারের এই পথটা আবিষ্কার করেন স্কুবা ডাইভার ও আলোকচিত্রী কাজী হামিদুল হক। নাম দেন বাংলা চ্যানেল। রুট ম্যাপিং শেষ হওয়ার পর তাঁর পরিকল্পনায় ২০০৬ সালে প্রথমবারের মতো তিন অভিযাত্রী—ফজলুল কবির সিনা, লিপটন সরকার ও সালমান সাঈদ সাঁতরে পাড়ি দেন বঙ্গোপসাগরের এই চ্যানেল। এরপর প্রতিবছরই বেশ কিছু সাঁতারু পাড়ি দিয়েছেন বাংলা চ্যানেল। সে তালিকায় নারী সাঁতারুও আছেন। এবারের বাংলা চ্যানেল সাঁতার ২০১১-র আয়োজন করে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ ও এক্সট্রিম বাংলা। নতুন মাত্রা যোগ হয় এ অভিযানে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের সাঁতারে অংশ নেওয়ার কারণে। এ কারণে টেকনাফ, সেন্ট মার্টিন—সব জায়গায়ই মানুষের একটা আলাদা আগ্রহ ছিল সাঁতারটা নিয়ে। মুসার অভিযানে নেতৃত্ব দেন লিপটন সরকার। লিপটন প্রতিবছরই একবার করে পাড়ি দেন এ চ্যানেল। এ নিয়ে ছয়বার অতিক্রম করলেন বাংলা চ্যানেল। বাংলাদেশের মানচিত্রের একেবারে নিচের দিকে শাহপরীর দ্বীপের যে জায়গাটা, একটা দায়ের মতো দেখতে সেই বদর মোকামের গোলার চর থেকে শুরু হয় সাঁতার। আগে পরিকল্পনা ছিল সকালেই শুরু হবে সাঁতারুদের অভিযাত্রা। কিন্তু ভাটা শুরু হতে হতে বেজে যায় বেলা সাড়ে ১১টা। তখন শাহপরীর দিকে ভাটা আর সেন্ট মার্টিনের দিকে জোয়ার। কথা ছিল দুজনই সাঁতরাবেন। তবে এর আগে তিনবার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া ফজলুল কবির সিনা সাঁতার শুরু করেন মুসা আর লিপটনের সঙ্গে। সাঁতার শুরুর আগে চলে প্রস্তুতি। বুকে সরিষার তেল মালিশ, শরীর গরম রাখতে মধু খাওয়া সবই চলে। আর চলে টেকনাফ ও ঢাকা থেকে আসা সাংবাদিকদের ছবি তোলা। বেলা ১২টার দিকে এ অভিযানের পরিকল্পনাকারী ও কোচ কাজী হামিদুল হক তিন সাঁতারুকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান সাগরের পানির দিকে। একসময় তিনজন নেমে যান বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল।এই সাঁতারে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ নৌবাহিনী। জেমিনি বোট, উদ্ধারকারী নৌকা, দিকনির্দেশক নৌকা ছাড়াও সাঁতারুদের পাশে পাশে ছিল আরও কয়েকটি নৌকা। সাগরে বড় বড় ঢেউয়ের কারণে নৌকা থেকে সাঁতারুদের অবয়ব দেখা যায় মাঝে মাঝে। এ ছাড়া চারদিকে শুধুই জলরাশি। সাঁতার শুরুর ঘণ্টা দুয়েক পর পায়ের মাংসপেশিতে টান পড়ে সিনার। তিনি উঠে আসেন নৌকায়। মুসা আর লিপটন সাঁতরে চলেন। সাঁতার শুরু চার ঘণ্টা ১৫ মিনিট পর লিপটন সরকার প্রথম উঠে আসেন সেন্ট মার্টিন দ্বীপে। বেশ দূরে তখন দেখা যায় মুসা ইব্রাহীমকে। একটা সময় তিনিও তাঁর সাঁতার সম্পন্ন করে উঠে আসেন সেন্ট মার্টিনের বালুকা বেলায়। তখন তাঁকে দেখার জন্য পর্যটকদের ভিড় সাগরপারে। আর অভিযানে জড়িত ব্যক্তিরা তো আছেনই। মুসা বাংলা চ্যানেল পাড়ি দেন চার ঘণ্টা ৫৭ মিনিটে। সাগরমাতা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের পর এবার সাগরকেও জয় করে নিলেন। শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন—এই সাগরপথটুকুর নাম আনুষ্ঠানিকভাবে ‘বাংলা চ্যানেল’ ঘোষণা করার দাবি জানান কাজী হামিদুল হক। আরও যোগ করেন আগামী বছর থেকে এই চ্যানেলে আন্তর্জাতিক সাঁতারের আয়োজনের পরিকল্পনা রয়েছে। মুসা ইব্রাহীম সাড়ে ১৪ কিলোমিটার পথটাকে ২০ কিলোমিটার দীর্ঘ করতে চান। মানে শাহপরীর দ্বীপ থেকে শুরু হয়ে সাঁতার শেষ হবে সেন্ট মার্টিনসংলগ্ন ছেঁড়াদ্বীপে। ফলে পুরো সাঁতারের দূরত্ব দাঁড়াবে ২০ কিলোমিটার। আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনাও আছে আয়োজকদের।বাংলা চ্যানেল অতিক্রমে যেমন আছে রোমাঞ্চ, তেমনি আছে চ্যালেঞ্জ। আছে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে অবাধ সাঁতারের হাতছানি। বিভিন্ন দেশের সাঁতারুদের জন্য অভিযানের আয়োজন করা হলে আন্তর্জাতিক আবহ তৈরি হবে এ অভিযানে। তারুণ্যের সাহসী অভিযান ছড়িয়ে দেবে বাংলা চ্যানেলের নাম।