বাংলা চ্যানেল পারাপারে নতুন রেকর্ড

বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত সাঁতরে সাগর পাড়ি দেওয়া রোমাঞ্চপ্রিয় সাঁতারুদের কাছে চ্যালেঞ্জিং এক অভিযাত্রা। এই চ্যানেলে নতুন রেকর্ড হলো গত সপ্তাহে। ভারতের পশ্চিমবঙ্গের তাহরিনা নাসরিন প্রথম নারী সাঁতারু হিসেবে এপার–এপার পাড়ি (ডবল ক্রস) দিলেন। শুধু প্রথম নারী হিসেবেই নন, এর আগে এই চ্যানেল দুবার পাড়ি দেওয়ার যে দ্রুতগতির রেকর্ড ছিল, সেটিও ভাঙলেন তাহরিনা। ৮ ঘণ্টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলে দিলেন ভারতের পুনের সাম্পান্না রমেশ সেলারকে। সেলারের দখলে ছিল বাংলা চ্যানেল দুবার পাড়ি দেওয়ার রেকর্ড।
১৫ ডিসেম্বর সকাল ৬টা ১২ মিনিটে সেন্ট মার্টিন থেকে সাঁতার শুরু করেন তাহরিনা নাসরিন। ৯টা ৫৯ মিনিটে ৩ ঘণ্টা ৪৭ মিনিট সাঁতার কেটে পৌঁছান টেকনাফের শাহপরীর দ্বীপে। সেখানে কয়েক মিনিট বিরতি। সঙ্গে আসা বাবা শেখ আফসার আহমেদ কলা খাওয়ান তাঁকে। পানিও পান করেন তাহরিনা।
সকাল ১০টা ২ মিনিটে আবার বঙ্গোপসাগরের জলে নামেন। এবারের গন্তব্য উল্টা, মানে সেন্ট মার্টিন দ্বীপ। এবার সময় লাগে ৪ ঘণ্টা ২৬ মিনিট। বেলা ২টা ২৫ মিনিটে সেন্ট মার্টিনে পৌঁছান তিনি। এ সময় তাঁকে পরিয়ে দেওয়া ‘দ্রুততম ডবল বাংলা চ্যানেল’ পদক ও ট্রফি। ডবল ক্রসে বঙ্গোপসাগরে মোট ৩২ দশমিক ২ কিলোমিটার দূরত্ব সাঁতার কেটেছেন তাহরিনা।
সাঁতারের কোচ নিজের বাবা
২৫ বছর বয়সী তাহরিনার জন্ম ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। এখন কলকাতার আয়কর দপ্তরে চাকরি করছেন। সাঁতার শিখেছেন মা সাকিনা খাতুনের কাছে। তবে সাঁতারের কোচ বাবা ব্যবসায়ী শেখ আফসার আহমেদ। বাংলা চ্যানেলে এবার তিনিও সঙ্গে এসেছেন। ১০ ডিসেম্বর বাংলাদেশে এসেছেন তাহরিনা ও তাঁর বাবা। ১২ থেকে ১৫ ডিসেম্বর সেন্ট মার্টিনে অনুশীলন করেন এই নারী সাঁতারু।

শেখ আফসার আহমেদ বললেন, ছোটবেলায় মেয়ে যাতে পুকুরে ডুবে না যায়, সে জন্য আড়াই বছর বয়সে সাঁতার শিখতে পাঠিয়েছিলেন তার মা। সেই থেকে মেয়ে স্থানীয়, জেলা, রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নজর কাড়তে শুরু করল। এখন অনেকে তাকে ‘জলপরি’ নামেও ডাকে।
বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সহজ নয় জানালেন তাহরিনা। বললেন, ‘সমুদ্রের উত্তাল ঢেউ, জেলিফিশ ও অন্যান্য প্রতিকূলতা অতিক্রম করে বাংলা চ্যানেলের এপার–ওপার পাড়ি দিয়েছি।’
বাংলা চ্যানেলে তাহরিনা নাসরিনের এ অভিযানের আয়োজন করেছিল এভারেস্ট একাডেমি। সাঁতারের শুরু থেকে সবকিছুরই নির্দেশনায় ছিলেন শেখ আফসার আহমেদ। রেফারি ছিলেন তোফাজ্জল হোসেন, নেভিগেটর ও সুপারভাইজার রাফাহ উদ্দিন সিরাজী। সহযোগিতায় ছিল নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ ও এলিগ্রো ট্যুরস। চিকিৎসাসেবায় ছিলেন হেলদি হোম বাংলাদেশের চিকিৎসক মহসীন কবির। সাঁতারের সময় ছিলেন লাইফগার্ড সিআইপিআরবির সি সেফ সুইমিংয়ের লাইফগার্ড মোহাম্মদ কামাল, পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফুটবল দলের ম্যানেজার আরিফুল ইসলাম।
রাফাহ উদ্দিন সিরাজী বলেন, এবার প্রথম কোনো নারী ডবল সাঁতার দিয়ে স্বীকৃতি পেলেন। এ চ্যানেলটি দেশি-বিদেশি অনেক সাঁতারুর কাছে প্রিয় হয়ে উঠেছে। প্রতিবছর অনেকে অংশগ্রহণ করে বাংলা চ্যানেল বিজয়ের খাতায় নাম লিখছেন।
২০০৬ সালের ১৪ জানুয়ারি বাংলা চ্যানেলের যাত্রা শুরু হয়। এটি আবিষ্কার করেছিলেন বিখ্যাত জলতলের আলোকচিত্রী ও স্কুবা ডাইভার প্রয়াত কাজী হামিদুল হক। তাঁর তত্ত্বাবধানেই প্রথমবারের মতো ফজলুল কবির সিনা, লিপটন সরকার ও সালমান সাঈদ ২০০৬ সালে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দেন। এরপর থেকে প্রতিবছরই এ আয়োজন হচ্ছে। এখন এটি আন্তর্জাতিক রূপ পেয়েছে।
স্বপ্ন আরও বড়
তাহরিনা নাসরিনের এখন স্বপ্ন জিব্রাল্টার প্রণালি জয়ের। ‘এই স্বপ্ন বুকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছি। আগামী বছরের এপ্রিল মাসে জিব্রাল্টার প্রণালি পাড়ি দেওয়ার ইচ্ছা আছে।’ তাঁর আরও ইচ্ছা ভবিষ্যতে শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ একাডেমি খোলার।