বাংলা নির্দেশনায় চলবে উদ্ধারকারী রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের তৈরি রোবট হাতে রাকেশ ঘোষ (বাঁয়ে) ও শামসুল আলম
নিজেদের তৈরি রোবট হাতে রাকেশ ঘোষ (বাঁয়ে) ও শামসুল আলম

হঠাৎ বড় দুর্ঘটনা। প্রয়োজন দুঃসাহসিক উদ্ধার অভিযানের। কিন্তু অবস্থা এমন, সেখানে মানুষের প্রবেশ অসম্ভব। এদিকে দ্রুত বের করে আনতে হবে দুর্গত ব্যক্তিদের। এমন অবস্থায় উদ্ধারকারী দল সেখানে পাঠাবে একটি মানবাকৃতির রোবট। যে রোবট কাজ করবে বাংলা ভাষায় প্রাপ্ত নির্দেশ অনুযায়ী। এতে দুর্গত ব্যক্তিদের নির্বিঘ্নে বের করে আনা সম্ভব হবে। এভাবেই নিজেদের তৈরি রোবটের ব্যাপারে বলছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎেকৗশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শামসুল আলম ও রাকেশ ঘোষ। এমনই একটি রোবট তৈরি করেছেন এই দুই শিক্ষার্থী।
তাঁরা জানান, মানবাকৃতির রোবটটি তৈরি করা হয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করে। মূলত রানা প্লাজাধসে আটকে পড়া জীবিত মানুেষর উদ্ধারে সমস্যা দেখেই এ রকম একটি উদ্ধারকারী রোবট তৈরি করার পরিকল্পনা করেন তাঁরা। উদ্ধারকাজ সহজ করার জন্য মানুষের চলার বিভিন্ন দিককে বিবেচনা করে তৈরি করা হয়েছে দুই পাবিশিষ্ট (বাইপেডাল) এই রোবটটি। ইংরেজি ভাষা জানেন না এমন কেউ কিংবা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও যেন ব্যবহার করতে পারেন সে জন্য রোবটটির নিয়ন্ত্রণ পদ্ধতি তৈরি করা হয়েছে বাংলা ভাষার ওপর ভিত্তি করে। মানুষের জন্য অনিরাপদ যেমন তেজস্ক্রিয় বিকিরণ আছে যেসব এলাকায়, বোমা থাকার আশঙ্ক রয়েছে এমন স্থান কিংবা রানা প্লাজার মতো ধ্বংসযজ্ঞের ভেতরের খবর জানার জন্য রয়েছে মুঠোফোনের ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে তারবিহীনভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা। সম্পূর্ণ প্রক্রিয়াটি দুই ভাগে বিভিক্ত—বাংলা ভাষা শনাক্তকরণের জন্য স্মার্টফোন অ্যাপলিকেশন ও বাইপেডাল রোবট।
যেভাবে কাজ করতে হবে: প্রথমে একটি উইন্ডোজ স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপের নির্দেশনা অনুযায়ী মুঠোফোন স্ক্রিনে স্পর্শ করে কয়েকটি ধাপ সম্পন্ন করার পর বাংলায় নির্দেশ দিলে রোবটটি কাজ শুরু করবে। যেমন মুঠোফোনে ‘সামনে’ বললে রোবটটি সামনের দিকে হঁাটা শুরু করবে আবার ‘থামো’ বললে থেমে যাবে। ইন্টারনেট নিয়ন্ত্রণের মাধ্যমে এ রোবট দিয়ে এক দেশ থেকে অন্য দেশে কাজ করানো যাবে। যেভাবে নাসার প্রকৌশলীরা বিভিন্ন গ্রহের খবর নিচ্ছেন। রাকেশ ঘোষ বলেন, ‘পর্যাপ্ত বাজেট পেলে সময় নিয়ে এটাকে আরও উন্নত করে ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যেতে পারে।’ শামসুল আলম বলেন, ‘একটি শিল্পকারখানায় একই ব্যক্তিকে একই ধরনের কাজ মাসের পর মাস করে যেতে দেখা যায়। সে ক্ষেত্রেও এসব রোবট ব্যবহার করা যাবে।’ এ দুই শিক্ষার্থীর সঙ্গে প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়েটের তড়িৎকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন।