এ বছর কেবল বাংলাদেশিদের নোবেল দেওয়া হলে কে বা কারা সেটা পেতেন? সেটাই গবেষণা করে বের করার চেষ্টা করেছে রস+আলো! (এর স্বীকৃতিস্বরূপ আমরা অন্তত একটা নোবেল প্রাইজের দাবি তো করতেই পারি!)

শান্তি
বিটিভি
অবদান: বছরজুড়ে দেশে যতই সমস্যা থাকুক না কেন, সব উন্নয়ন আর শান্তির খবর লাগাতার দিয়ে যাচ্ছে এ প্রচারমাধ্যমটি। আপনি যতই অশান্তিতে থাকুন না কেন, দুদণ্ড শান্তি আর উন্নয়নের বার্তা দিয়ে গোটা জাতিকে শান্তিতে রাখায় এ বছর শান্তিতে নোবেল পাচ্ছে বিটিভি!

রসায়ন
খাবারে রাসায়নিক প্রয়োগকারী ব্যবসায়ী জনাব ফরমালী
অবদান: কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ বাংলাদেশে উদ্ভাবিত হয়নি। পশ্চিমা বিশ্বে মৃত জীবজন্তু সংরক্ষণের জন্য উদ্ভাবিত সেই রাসায়নিকগুলোর যুগান্তকারী ব্যবহারের উদ্ভাবক অবশ্য বাংলাদেশেরই এক নাগরিক। আজ মাছ, মাংস, দুধ, কলা থেকে শুরু করে সব ধরনের ফলমূল ও শাকসবজিতে রাসায়নিকের ব্যাপক প্রয়োগ হচ্ছে। এসব খাবার খাওয়ার ফলে আমাদের হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস ও কিডনিও লাভ করছে অমরত্ব। তাই এ বছর রসায়নের নোবেল উঠছে খাবারে প্রথম রাসায়নিক প্রয়োগকারী সেই মহান ব্যবসায়ী জনাব ফরমালীর হাতে!
অর্থনীতি

সোনালী ব্যাংক
অবদান: বিশ্বজুড়ে যখন চলছে অর্থনৈতিক মন্দা, তখন সোনালী ব্যাংক অকাতরে হিসাব ছাড়া হাজার–কোটি টাকা বিলিয়ে যাচ্ছে সাধারণ জনগণের মাঝে। দেশের অর্থনীতিতে রাখছে এক অনন্য অবদান! আর তারই স্বীকৃতিস্বরূপ সোনালী ব্যাংকের ভল্টেই যাচ্ছে অর্থনীতির নোবেল। আমরা নিশ্চিত, ভল্টে রাখা নোবেল প্রাইজের মেডেলটিও তারা অকাতরে বিলিয়ে দেবে কারও না কারও হাতে।

চিকিৎসা
কতিপয় ইন্টার্ন চিকিৎসক
অবদান: বিদেশে ডাক্তাররা নতুন নতুন রোগের চিকিত্সাপদ্ধতি বের করছেন। এদিকে আমাদের কতিপয় ইন্টার্ন ডাক্তার উদ্ভাবন করেছেন সম্পূর্ণ নতুন এক চিকিত্সাপদ্ধতি। যার নাম কর্মবিরতি! কিছু থেকে কিছু হলেই সবাই একযোগে এই নতুন অনন্য পদ্ধতিতে চিকিত্সা দেওয়ায় সম্মিলিতভাবে পাচ্ছেন চিকিৎসাশাস্ত্রের নোবেল।

সাহিত্য
নোটবই প্রকাশক
অবদান: নোটবই প্রকাশ করা আমাদের দেশে নিষিদ্ধ। কিন্তু এ দেশে ফেসবুকের চেয়েও নোটবুক বেশি পড়া হয়! দেশের লাখ লাখ শিক্ষার্থী প্রতিদিনই কোনো না কোনো নোটবই পড়ছে! আর কোনো বইয়ের এতসংখ্যক পাঠক না থাকায় সাহিত্যে নোবেল পাচ্ছেন নোটবইয়ের প্রকাশক জনাব নোটাবুল্লাহ!

পদার্থবিজ্ঞান
প্রশ্নপত্র ফাঁস করার যন্ত্র উদ্ভাবক জনাব ফাসলাম চৌধুরী
অবদান: প্রশ্নপত্র ছাপানো হয় অতি গোপনীয়তার সঙ্গে। কিন্তু ক্লাস ফাইভ থেকে শুরু করে বিসিএস—সব স্তরের প্রশ্নপত্র ফাঁস করার অনন্য এক যন্ত্র উদ্ভাবন করে বিপ্লব ঘটিয়ে দিয়েছেন জনাব ফাসলাম চৌধুরী। তাই তাঁর হাতেই উঠছে এবারের পদার্থবিজ্ঞানের নোবেল।