বাংলা-বরণ
১৪১৮ সালের চৈত্রের শেষ বিকেলটা কেমন মেঘলা। সন্ধ্যা নামতেই চারদিকে অন্ধকার। এরপর ঢাকের শব্দ আর হইচই। কিছু সময় পরই প্রদীপ জ্বলে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বাংলা বিভাগের প্রাঙ্গণে। প্রদীপ জ্বালালেন বিভাগের সভাপতি সিদ্দিকা মাহমুদাসহ অন্য শিক্ষকেরা। প্রদীপের আলোতেই উদ্ভাসিত চারপাশ। এর মধ্যেই সমস্বরে গান করছেন শিক্ষার্থীরা।বিভাগের প্রাঙ্গণ সাজানো হয়েছে রঙিন মাটির কলসি দিয়ে; তৈরি করা হয়েছে বাঁশের ফটক। মেঝে আর দেয়ালে বর্ণিল আলপনা। পুরোনো বছরকে বিদায় আর নতুন বছর ১৪১৯ সনকে স্বাগত জানাতেই এত আয়োজন।ভোরের সূর্য ফুটতেই বিভাগের শিক্ষার্থীরা হাজির। সকাল সাড়ে আটটায় বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আয়োজন। অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।কলাভবনের মূল ফটকের সম্মুখে উন্মুক্ত সবুজ চত্বরেই তৈরি করা হয়েছে মঞ্চ।সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।ততক্ষণে অনুষ্ঠানের সঞ্চালক নিপা জাহান আর লিসান মঞ্চে উপস্থিত।‘তোরা সব জয়ধ্বনি করঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়’এ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে ডি এল রায়ের গান:‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরাতাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা।সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা’এমন নানা দেশাত্মবোধক গান, আবৃত্তি আর নাচের মধ্য দিয়ে জমজমাট হয় অনুষ্ঠান। মঞ্চের সম্মুখে চেয়ার আর মাটিতে পাতা চাটাই তখন দর্শকে ভরে গেছে। কেবল বিভাগের শিক্ষার্থীরাই নয়, বর্ষবরণের এমন আয়োজন উপভোগ করতে অনেকেই উপস্থিত। মধ্যদুপুরে ঝাঁজালো রোদে জমে ওঠে বাউল গান আর কবি গানের আসর।তবে সন্ধ্যা নামতেই কানে ভেসে এল—‘শিশুকালে যত ভালোবাসা ছিল, সব তুমি আমারে উড়ার কইরা দিও’। নাহ, এই সংলাপ শহর জীবনে একেবারেই অচেনা। ঠাওরাতে সময় লাগল না। আরে, এ তো জসীমউদ্দীনের সোজন বাদিয়ার ঘাট-এর দুলি সোজনকে উদ্দেশ করে বলা সংলাপ। সোজন বাদিয়ার ঘাট মঞ্চস্থ হলো। সন্ধ্যা নামছে, তবে আয়োজন যেন শেষ হয় না। দর্শক কমছে না, বরং বেড়েই চলেছে। বিভাগের অধ্যাপক ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক রফিক উল্লাহ খান বলেন, বাংলা বিভাগ প্রতিবছর নতুন বছরকে বরণ করতে সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কারণ, বাংলা সাহিত্য বিভাগ আর বাঙালি সংস্কৃতি তো আলাদা কোনো বিষয় নয়। চর্যাপদ থেকে আধুনিক গান পর্যন্ত প্রতিটি রূপকল্পের যে পরিবর্তন, তা বাংলা সংস্কৃতির অংশ। আর এই প্রতিটি বিবর্তন হয় সময়ের সঙ্গে। তবে বাংলা বিভাগ বাঙালি সংস্কৃতির আগ্রাসনী যেকোনো অপশক্তির নিন্দা জানায়।