
বিচিত্র মজাদার পিঠার প্রদর্শনী, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর দিনভর হইহুল্লোড়ের মধ্যে সম্পন্ন হলো সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বাংলা বিভাগের পিঠা উৎসব।
গত বৃহস্পতিবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর অঞ্জন কুমার নন্দীর নেতৃত্বে প্রফেসর জোবেদা মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. এ কে এম ইলিয়াছ ইলুসহ শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রা শেষে প্রদীপ জ্বালিয়ে পিঠা উৎসব উদ্বোধনের সময় অধ্যক্ষ বলেন, ‘বাংলা বিভাগ এ ধরনের আয়োজন করে আমাদের আবহমান বাংলার ঐতিহ্যকেই স্মরণ করিয়ে দিল। সঙ্গে সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের নানা রকম পিঠাপুলির সঙ্গে পরিচয় করিয়ে দিল।’
অনুষ্ঠানে এমএ শেষ পর্বের শিক্ষার্থীদের উত্তরীয় ও উপহার প্রদান করা হয়। পিঠা উৎসবে বাংলা বিভাগের শিক্ষক কথাসাহিত্যিক মহি মুহাম্মদের লেখা দুটি বই কয়েকজন শেফালির গল্প ও জলদিঘি–এর মোড়ক উন্মোচন করেন কলেজ অধ্যক্ষÿ ও বিভাগীয় প্রধান।
কলেজের বাংলা চত্বরে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে নানা ধরনের পিঠার প্রদর্শন করে। মঞ্চে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও গান পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায়। বিজ্ঞপ্তি