বাংলা ব্রেইলের সফটওয়্যার
সময়টা ২০০৯ সাল। এক অনুষ্ঠানে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। বইটি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইলে ছাপা প্রথম ছড়ার বই, ছড়ার তালে মনটা দোলে। দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে বইটি বিতরণ করার পর তারা সেটি পড়ে দেখার সঙ্গে সঙ্গে তাদের চোখে নামে আনন্দ-অশ্রু! বই পড়ার প্রতি দৃষ্টিপ্রতিবন্ধীদের আকুলতা শুরু থেকেই। ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার প্রকৌশল বিভাগের চার শিক্ষার্থী সামিউল আযম, ওসমান গণি, আহমেদ ইমতিয়াজ খান, এফ এম মাহাবুব-উল-ইসলাম। পড়াশোনার অংশ হিসেবে যেকোনো একটি বিষয়ে গবেষণা করতে হয়। অনেক ভেবেচিন্তে এই চার বন্ধু গবেষণার বিষয় হিসেবে বেছে নিলেন দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ার মাধ্যম হিসেবে বাংলা ভাষায় ব্রেইলের প্রযুক্তি তৈরিকে। আর এই তরুণদের তত্ত্বাবধায়ক হিসেবে তাঁদের সঙ্গে সার্বক্ষণিক সঙ্গী হলেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান সৈয়দ আখতার হোসেন। মেধা, মনন আর অক্লান্ত পরিশ্রম শেষে একসময় তাঁরা তৈরি করে ফেললেন বাংলা ভাষাকে ব্রেইলে রূপান্তর করার সফটওয়্যার। এ সফটওয়্যার চলতি বছরের সফটএক্সপো মেলায় আয়োজিত বেসিসের আবিষ্কারের খোঁজে প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে।ব্রেইল কী?সারা বিশ্বে দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা ক্ষেত্রে একটি জনপ্রিয় মাধ্যম হলো ব্রেইল। কোনো ভাষা ব্রেইলে লিখে বা ছেপে দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়তে দেওয়া হলে তারা তা স্পর্শ করে সেখানে লেখার অর্থ বুঝতে পারে। স্বপ্নের শুরুটা যেভাবে২০০৯ সালের শেষ দিকের কথা। ‘তখন আমাদের চিন্তা কেবলই বাংলা ভাষাকে কীভাবে সফটওয়্যারের মাধ্যমে ব্রেইলে রূপান্তর করা যায়।’ বলছিলেন আহমেদ ইমতিয়াজ খান। আর এখান থেকেই সফটওয়্যার তৈরির প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেন তাঁরা। একটি ভাষাকে ব্রেইলে পড়ার উপযোগী করতে কী কী দরকার, এ নিয়ে ইন্টারনেটে রাতদিন নানা বিষয়ে পড়ালেখা আরম্ভ করলেন এই তরুণেরা। এরপর শুরু হলো মূল কাজ। ‘শুরুতে আমাদের প্রকল্পের প্রথম ধাপ ছিল ব্রেইল সিস্টেমটা ভালোভাবে আয়ত্ত করা। পাশাপাশি অন্যান্য ভাষার ব্রেইল সিস্টেম সম্পর্কেও জ্ঞান অর্জন করা।’ বললেন ওসমান গণি। প্রত্যেকটি ভাষাকে ব্রেইলে নিয়ে যাওয়ার ব্যাকরণ আলাদা। তাই তাঁরা বাংলাদেশের ব্রেইল বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে নানা ধরনের পরামর্শ ও আলোচনা করতে থাকেন। এরপর বাংলা লেখা থেকে ব্রেইলের ভাষার ব্যাকরণ নিয়েও কাজ করতে থাকেন তাঁরা। এভাবেই একটা সময়ে বাংলা লেখা থেকে ব্রেইলের লেখা তৈরির ব্যাকরণ প্রস্তুত হয়ে যায়।মাহবুব-উল-ইসলাম জানান, ‘এর পরপরই মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের দিকে আমরা এগোতে শুরু করি, আর সেটি হলো বাংলা লেখা ব্রেইলে রূপান্তর করার প্রথম ধাপ “রুল ইঞ্জিন” তৈরি করা। এই রুল ইঞ্জিন সব ধরনের ভাষার ব্যাকরণের সমন্বয়ে তৈরি। এ ক্ষেত্রে কঠিন ছিল বাংলা যুক্ত অক্ষরগুলো ব্রেইলে রূপান্তর করা। তবে এই রুল ইঞ্জিন এমনভাবে তৈরি করা হলো যে তা যেকোনো বাংলা শব্দকেই ব্রেইলে রূপান্তর করতে পারে।’যেভাবে কাজ করেবাংলা ভাষাকে ব্রেইলে রূপান্তর করার এই সফটওয়্যারটির রুল ইঞ্জিনে বাংলা ব্যাকরণের সব বিষয় যুক্ত করা হয়েছে। এর ফলে যেকোনো বাংলা লেখাকে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে ব্রেইলে রূপান্তরিত করতে পারে। এর একটি স্থানে গিয়ে প্রথম বাংলা লেখা জমা হয়। এরপর রুল ইঞ্জিন সেই বাংলা লেখার ব্যাকরণের ধরন বুঝে সেটিকে ব্রেইলে রূপান্তর করে ফেলে। এরপর ব্রেইল প্রিন্টারে প্রিন্ট করে বাংলা লেখা সহজেই একজন দৃষ্টিপ্রতিবন্ধী পড়তে পারে। এই সফটওয়্যারের সাহায্যে মাত্র পাঁচ সেকেন্ডে একটি বই বাংলা ব্রেইলে অনুবাদ করা যায় এবং ২০ মিনিটে প্রিন্ট করা সম্ভব হয়। উৎ কণ্ঠা আর সফলতা!‘দিনরাত বিভিন্নভাবে বাংলা ভাষায় লেখা বিভিন্ন বিষয় ব্রেইলে রূপান্তর করার জন্য কাজ করতে গিয়ে অনেক ধকল সইতে হয়েছে আমাদের। কিন্তু কখনোই আমরা আমাদের চেষ্টা থেকে সরে যাইনি। সব সময় উৎ কণ্ঠায় ছিলাম, আমাদের স্বপ্ন সত্যি হবে তো!’ বললেন আহমেদ ইমতিয়াজ খান। এক পর্যায়ে বাংলা ভাষাকে ব্রেইলে রূপান্তর করার সফটওয়্যার তৈরি প্রায় চূড়ান্ত পর্যায়ে আসে।সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অর্ধেক জীবন বইটি দেওয়া হলো বাংলা লেখা থেকে ব্রেইলে পড়ার সফটওয়্যার ইঞ্জিনে। কয়েক সেকেন্ডের মধ্যেই তা ব্রেইলে রূপান্তর হয়ে গেল। এরপর সেটি বিশেষ প্রিন্টার দিয়ে প্রিন্ট করানো হলো। এরপর ব্রেইলে পড়তে পারেন এমন কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধীকে তা পড়তে দেওয়া হলো। এর পরই চমক অপেক্ষা করছিল। সেই লেখা নির্ভুলভাবে পড়তে পারলেন তাঁরা। তাঁদের চোখেমুখেও যেন আনন্দ এসে ভর করেছে। এমন লেখা যে তাঁরা আগে কখনো পড়তে পারেননি! ব্রেইলে প্রথম মুক্তিযুদ্ধের বই!মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি এই তরুণেরা ব্রেইলে রূপান্তর করার জন্য লেখকের কাছে অনুমতি নিয়েছেন। লেখক তাঁদের এই প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছেন। এরপর তাঁরা এ বইটি ব্রেইলে রূপান্তর করেছেন। একই সঙ্গে মূল বই সামনে নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের দিয়ে পড়িয়েছেন এ বই। মূল বই আর এই লেখায় কোনো তফাৎ খুঁজে পাওয়া যায়নি। এরই মধ্যে বিভিন্ন প্রকাশনা সংস্থা এ বইটি প্রকাশ করার আগ্রহ দেখিয়েছে। বিনা মূল্যে বইটি সব দৃষ্টিপ্রতিবন্ধীর কাছে পৌঁছে দিতে চান এই তরুণেরা।দৃষ্টি এখন শুধুই সামনের দিকেতরুণদের এই কাজের সার্বক্ষণিক তত্ত্বাবধায়ক সৈয়দ আখতার হোসেন নিজেও এই কাজের সঙ্গে তরুণদের সম্পৃক্ত করতে পেরে গর্বিত। তিনি বলেন, ‘এই চারজনের প্রচণ্ড ইচ্ছাশক্তিতেই এমন একটি কাজ সম্ভব হয়েছে। তাঁরা গত বছর পড়াশোনা শেষ করেছেন। তাঁদের মধ্যে আহমেদ ইমতিয়াজ খান শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, আর বাকি তিনজন এমআইএসটিতে শিক্ষকতা করছেন।’ সামনের দিনগুলোতে বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধীরা বাংলা লেখাকে ব্রেইলে রূপান্তর করার জন্য সহজেই এই সফটওয়্যারটির সাহায্য নিতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে দৃষ্টিহীনতা কোনো বাধা তৈরি করতে পারবে না—এমনটাই স্বপ্ন দেখেন এই চার তরুণ উদ্ভাবক।