বাংলা ভালোবেসে বাংলাদেশে
ছোট্ট ইরা। দাদির মুখে বাংলা শুনতে শুনতে সেই ছোটবেলা থেকেই ভালোবেসে ফেলেছিল বাংলা ভাষা। যখন সে ও-লেভেল পড়ছিল, তখনই ঠিক করে ফেলল এ-লেভেল শেষ হতেই ছুটে যাবে বাংলাদেশে। ঠিক তা-ই করল সে। এ-লেভেল শেষ করে আর দেরি সহ্য হয়নি তার। চলে আসে বাংলাদেশে। ২০০৭ সালের ২০ অক্টোবর। দিনটি আজও ভোলেননি ইরা।লিউ ইং ছেং। চীনের মেয়ে। চীনের বেইজিংয়ে তাঁর বেড়ে ওঠা। এখন তাঁর পরিচয়টা নতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৮-০৯ সেশনের তৃতীয় সেমিস্টারের ছাত্রী তিনি। থাকেন শামসুন্নাহার হলে।তাঁর দাদি লিং আইহাও ছিলেন খুব মেধাবী ছাত্রী। ভারতে বহুদিন ছিলেন তিনি। ১৯৯৮ সালের দিকে বাংলাদেশে আসেন বাংলা ভাষা শিখতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। তিনিও শামসুন্নাহার হলেরই ছাত্রী ছিলেন। ‘ইরা’ নামটি তাঁরই দেওয়া।ইরা বাংলাদেশে এসেছিলেন আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা শিখতে। কিন্তু এখানে বেশ ভালো লেগে যায় তাঁর। ভর্তি হয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বেশ ভালো বাংলা বলতে পারেন তিনি। ‘যখন প্রথম আসি, তখন সবার চেহারা দেখি অন্য রকম, আমাদের মতো না; বেশ অবাক লেগেছে তখন...।’ বলেই হেসে ওঠেন ইরা। এখন আর অবাক লাগে না তাঁর। কারণ তিনি এরই মধ্যে রপ্ত করে ফেলেছেন বাঙালি কায়দা-কানুন। সালোয়ার-কামিজ পরেন। শাড়ি পরতেও খুব ভালো লাগে তাঁর। সাজের মধ্যে কাজল আর টিপ। মাঝেমধ্যেই ক্লাসে শাড়ি পরে যান তিনি।ইরার বন্ধুও হয়েছে অনেক। ফারহানা, শারমিন, শিমুল, অনন্ত, সনেট, মেলটেন পোলাট, সীমা, জাকিয়া। সবাই মিলে ক্লাসের ফাঁকে জমিয়ে আড্ডা দেন। ছুটিতে ঘুরতে যাওয়া হয় তাঁদের। স্মৃতিসৌধ, লালবাগের কেল্লা, সংসদ ভবন, জাহাঙ্গীরনগর—সব ঘোরা শেষ তাঁর। কিছুদিন আগে বন্ধুদের নিয়ে ঘুরে এসেছেন কক্সবাজার। খেতে ভীষণ পছন্দ তাঁর। বন্ধুরা মিলে কখনো কেএফসি, কখনো পিৎজ্জা হাটে চলে যান। ‘খাদক আমরা, খেতে ভালো লাগে, খাওয়া-দাওয়া করি, করব, এটা আমাদের খাদক বন্ধুদের একমাত্র কাজ।’ বেশ মজা করে বললেন ইরা। ইরা এরই মধ্যে কিছু বাঙালি রান্নাও শিখে ফেলেছেন। এখন তিনি প্রতিদিন ভাত রান্না করেন, সবজি রান্না করেন। বৃষ্টি নামলে খিচুড়ি, মুরগির মাংস রান্না করেন। তবে গরুর মাংসটা তিনি এখনো রাঁধতে জানেন না। একদিন রান্না করতে গিয়ে সব মাংস নষ্ট করেছেন। ইরা ডাল খেতে পছন্দ করেন। চীনে কখনো ডাল খাননি। ক্লাসের পর শ্যাডোতে শিঙাড়া ও পুরি খান তিনি। পড়তে এসে এ দেশের সংস্কৃতির প্রতি তাঁর বেশ ভালো লাগা তৈরি হয়ে গেছে। গত ফাগুনে বাসন্তি রঙের শাড়ি পরে খুব ঘোরাঘুরি করেছেন তিনি।ইরা তাঁর চীনা বন্ধুদের প্রায়ই বলেন এ দেশে ঘুরে যাওয়ার কথা। ওদের বাংলা ভাষাটাও শিখতে বলেন। কারণ, প্রথম দিকে ভাষা জানেন না বলে বেশ বিপদে পড়েছিলেন তিনি। ইরার খুব ভালো লাগে এ দেশ। তবু নিজের দেশের কথাও খুব মনে পড়ে তাঁর। মায়ের কথা, বাবার কথা, দাদির কথা যখন মনে পড়ে, সঙ্গে সঙ্গে ছুটে যেতে পারেন না তিনি। কারণ ভিসা সব সময় দেওয়া হয় না। ইরা মনে করেন তাঁর মতো যাঁরা দেশের বাইরে পড়ালেখা করেন মা-বাবা ছেড়ে, তাঁদের ভিসাটা তাড়াতাড়ি পাওয়ার জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। তিনি চীন ও বাংলাদেশ—দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার জন্য কাজ করবেন।