বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্য ও ভাষাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। কারণ, ওপার বাংলার চেয়ে বাংলাদেশেই বেশি বই বিক্রি হয়। বাংলাদেশের পাড়াগাঁয়ের মানুষ এখনো বই পড়েন, সাহিত্যচর্চা করেন।ভারতের বরেণ্য কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় পটিয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। পটিয়ার দক্ষিণভূর্ষি এলাকায় ৯ ফেব্রুয়ারি শেখ রাসেল স্মৃতি পাঠাগার আয়োজিত এই সংবর্ধনা সভায় প্রিয় লেখক শীর্ষেন্দুকে দেখতে ছুটে এসেছিলেন সব শ্রেণী-পেশার মানুষ। বাংলাদেশের একটি প্রত্যন্ত এলাকায় নিজের এত পাঠক দেখে মুগ্ধ হন এই সময়কার নন্দিত কথাসাহিত্যিক।পাঠকদের উদ্দেশে শীর্ষেন্দু বলেন, ‘আমি সত্যের সন্ধান করছি। হতাশা ও বেদনাই আমাকে সৃজনশীল করেছে। আমার লেখায় আমার বেদনার কথা থাকে। কিন্তু সেই দুঃখ-যন্ত্রণা পাঠকের বেদনার সঙ্গে মিলে যায়। পাঠকের নিজের হয়ে ওঠে। যার কারণেই পাঠক আমাকে ভালোবাসেন। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। এ ভালোবাসার টানেই আমি আপনাদের কাছে এসেছি।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন, পাবনা হেমায়েতপুর সৎ সঙ্গের মহাসচিব ড. রবীন্দ্র সরকার, দৈনিক পূর্বকোণের জ্যেষ্ঠ সহসম্পাদক আবু তাহের মুহাম্মদ, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এ কে এম জহুরুল ইসলাম, শওকত বাঙ্গালী প্রমুখ। পাঠকদের সঙ্গে আড্ডার ফাঁকে ফাঁকে নিজের লেখালেখি সম্পর্কে নানা কথাও বলছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি নির্জনতা পছন্দ করি না এবং উটপাখির মতো মাথা লুকিয়ে রাখা আমার কাজ নয়। সবার সঙ্গে মিলে জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে পছন্দ করি। দক্ষিণভূর্ষির এ নিভৃত গ্রাম আমাকে মুগ্ধ করেছে। আমার লেখার মধ্যে হয়তো এ গ্রামের কথা উঠে আসবে।’