বাংলা ভাষার ঐতিহ্যের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো কাটেনি কুয়াশা। কুয়াশার চাদরে ঢাকা সূর্যটা সবে উঁকি দিতে শুরু করেছে। তাতে কি! কুয়াশা আর শীত উপেক্ষা করে একঝাঁক ছেলেমেয়ে ঠিকই জড়ো হয়েছে কলাভবনের আমতলায়। অপরাজেয় বাংলার সামনে যদিও আরও কিছু ছেলেমেয়ের জটলা, তবে তাদের মতো এদের উদ্দেশ্য কিন্তু কোনো বনভোজন নয়। বাংলা ভাষার ঐতিহ্য অনুসন্ধানী একঝাঁক চোখের গন্তব্য ‘নাগরী’। গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত নাগরী, যে স্থানটি বিখ্যাত হয়ে আছে বাংলা ভাষা চর্চার ইতিহাসে। ‘নাগরী’ নামটির সঙ্গে জড়িয়ে আছে পর্তুগিজ পাদরি মনোএল দা আসসুম্পসাঁমের নাম। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগের খ্রিষ্টান লেখকদের মধ্যে বিশিষ্ট ছিলেন মনোএল দা আসসুম্পসাঁম। তিনি ১৭৩৪ অব্দে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন তাঁর মাতৃভাষায়। রোমান হরফে বাংলা ভাষার এই প্রথম ব্যাকরণটি তিনি নাগরীর পানজোরায় বসে লেখেন। এটি পর্তুগালের লিসবন শহর থেকে ছাপা হয় ১৭৪৩ সালে। এই গ্রন্থের প্রথম ৪০ পৃষ্ঠা ব্যাকরণ, বাকি অংশ পর্তুগিজ-বাংলা শব্দকোষ। ধর্ম প্রচারের জন্য তিনি একটি পর্তুগিজ নিবন্ধ বাংলা গদ্যে অনুবাদ করেছিলেন ক্রেপার শাস্ত্রের অর্থ, ভেদ (Crepar Laxtrer orth, bhed) নামে। আসসুম্পসাঁমের রচনা ছিল প্রধানত গদ্যময়। অর্থাত্ তাঁর হাতেই প্রথম বাংলা গদ্যের সূত্রপাত ঘটে। এর আগে বাংলার কোনো নিদর্শন পাওয়া যায়নি। তাই ৩০০ বছর পরও বিখ্যাত হয়ে আছে নাগরী।সেই নাগরীর উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের আমাদের ১৮ জনের যাত্রা, সঙ্গে বিভাগের দুজন শিক্ষক হাকিম আরিফ ও সালমা নাসরিন। উত্তরা পার হওয়ার পর রাস্তার দুই পাশের সবুজ গাছের সারি পেরিয়ে এগিয়ে চললাম আমরা। ছোট একটা নদীতে বেদে বহর দেখে সবাই একসঙ্গে হইহই রইরই করে উঠলাম। একটা নৌকার আড়াল থেকে চোখ বড় বড় করে তাকিয়ে ছিল একটা ছোট্ট বাচ্চা। হাতে প্লাস্টিকের গাড়ি। ভাবসাব এ রকম—দেখ ব্যাটা, আমার হাতে কী? তোদের আছে? নাই, একটা তাচ্ছিল্যপূর্ণ চাহনি। কেউ কেউ নামার বায়না করলেও পাত্তা দেওয়া হলো না তেমন।রাস্তার দুই পাশের সরষেখেতের ম-ম গন্ধে প্রায় ঘুমিয়ে পড়েছিল সাব্বির। চেঁচিয়ে উঠল রিনা—‘কিরে, ঘুমাতে আসছিস? চুপচাপ থাকা তো চলবে না। গান ধর...।’‘গাড়ি চলে না চলে না চলে না রে...’ ঘুমের মধ্যেই গেয়ে উঠল সাব্বির। সঙ্গে সঙ্গে শারমিনের ধমক—‘অই, অফ যা। গাড়ি চলতেছে। তোর গান গাইতে হবে না। ঘুমাও বাছা।’ সবুজ ধানের খেত। গাছপালা দেখতে দেখতে ফুরিয়ে এল পথ। আমরা পৌঁছালাম পানজোরা গ্রামে।‘রিনা, গ্রামের নাম পানজোরা কেন রে?’ জিজ্ঞেস করতেই শাওনের অট্টহাসি। ‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর রিনার দৌড় টঙ্গী।’ আমরা যোগ দিলাম হাসিতে।পাঁচটি গ্রাম নিয়ে গড়ে উঠেছে বলে এ গ্রামের নাম পানজোরা—সোহেলের মুখে গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম নাগরী। বিশাল একটা চার্চের সামনে থামল আমাদের গাড়ি। কৌতূহলী আমরা একে একে নামলাম গাড়ি থেকে। স্যার, ম্যাডামসহ আমাদের ছোটখাটো দলটা দেখে এগিয়ে এলেন জাদুকর ফাদার লিন্টো। ফাদারের জাদুকর পরিচয়টা অবশ্য পরে জেনেছি। ফাদার আমাদের নিয়ে গেলেন ৩০০ বছরের পুরোনো এক চার্চে। এ চার্চের দায়িত্বেই ছিলেন আসসুম্পসাঁম।এত বছর আগের স্থাপনা, অথচ বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। ক্যাট ক্যাট করে বেজে উঠল ইমতিয়াজের ক্যামেরার শাটার। সুধা, বনি, তামান্না, হিমি, বিপ্লব ওরফে বে এরই মধ্যে ঘুরে দেখতে বের হয়ে গেছে। আমাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে রবিন ডি কস্তার। তিনি নাগরীর একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর কাছে শুনলাম চমত্কার সব কাহিনি। ‘পর্তুগিজ পাদরি মনোএল দা আসসুম্পসাঁম নাগরীতে আসেন ৩০০ বছর আগে। তখন জায়গাটি ছিল দ্বীপের মতো। তিনি ছিলেন এখানকার জমিদার। তাঁর একটি নিজস্ব হাতি ছিল। হাতিতে চড়ে তিনি জমিদারি দেখাশোনার জন্য বের হতেন। জমিদার থাকাকালে তিনি বাংলা ভাষার ওপর গবেষণা করেন। রোমান হরফে প্রথম বাংলা বই লেখেন তিনি এখানে বসে।’ বলতে বলতে তিনি আমাদের নিয়ে একটি পুরোনো দালানের ভেতর ঢুকলেন। সবাই একসঙ্গে চুপ হয়ে গেলাম। ৩০০ বছর আগে এখানে যিনি বাস করতেন, তাঁকে অনুভবের চেষ্টায়। একটা টিকটিকির টিকটিক শব্দে ভঙ্গ হলো নীরবতা। রবিন ডি কস্তা আবার বলতে শুরু করলেন, ‘এখানে একটি গোলটেবিল ছিল, যেখানে বসে আসসুম্পসাঁম লেখালেখি করতেন। টেবিলটি এখন আর নেই। আসসুম্পসাঁমের ব্যবহূত ঘরটিরও নড়বড়ে অবস্থা। অচিরেই ভেঙে ফেলা হবে শুনে আঁতকে উঠলাম। বাংলা ভাষার একটি ঐতিহাসিক স্থান হিসেবে ভাষাপ্রেমী ও সাহিত্যপ্রেমীদের কাছে এ স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। একে ছোটখাটো একটা জাদুকর বা পর্যটন স্থান হিসেবে প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে পারে পর্যটন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর—ছোটখাটো ভাষাবিজ্ঞানী নূরের ছিল এই মতামত। নাহ্, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝল না। হতাশ এই খুদে চিন্তাশীল দল।চার্চের সবুজ চত্বরে খাবারের আয়োজন। পোলাওয়ের সঙ্গে মোরগ ও মুরগির আন্ডা। কাঁচামরিচপ্রেমীরা ততক্ষণে রীতিমতো হতাশ। তাদের হতাশা দূর করতে শাওন গেল কাঁচামরিচ আনতে। আনতে আনতে খাওয়া শেষ। এরপর ছিল দই পর্ব। উর্মির সুনিপুণ পরিবেশনায় হাকিম আরিফ স্যার উর্মিকে দিলেন ভবিষ্যত্ সুগৃহিণীর খেতাব।খাওয়ার পর্ব শেষ হতেই পড়ন্ত বিকেলের আলো-ছায়ায় বসে শুরু হলো গল্পগুজব। ছুঁ মন্তর ছুঁ জাদুকর ফাদার লিন্টোর জাদু দড়িখেলা থেকে শুরু করে বল আর রুমালের কারসাজি। স্যারের কৌতুক, রিনা-উর্মির নোয়াখালীর উপভাষায় রসাত্মক ঝগড়া, বাবুর চাটগাঁর সংলাপ, জাহিদ, বনি, সোহেলের কৌতুকে বিকেল গড়িয়ে সন্ধ্যা।এবার বাজল বিদায়ঘণ্টা। ৩০০ বছরের পুরোনো চার্চের সেই ঘণ্টাটা কিন্তু স্থির ছিল। তবু কেন যেন কানে বাজছিল তা। আমাদের ছোটখাটো দলটা ততক্ষণে রওনা হয়ে গেছে ঢাকার অভিমুখে...।